পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ আরও একবার তীব্র করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি’ সেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে কংগ্রেস সাংসদ দাবি করেন, তাঁর সঙ্গে একবার মুখোমুখি বিতর্কে বসলে নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। শুধু তা-ই নয়, এই বিতর্কের বিচারক হিসেবে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি অথবা আরএসএস প্রধান মোহন ভাগবতকে বেছে নেওয়া হলেও তাঁর কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন রাহুল।

বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে যেকোনো বিষয়ে বিতর্কের জন্য সংসদই উপযুক্ত মঞ্চ।

ইনস্টাগ্রাম সেশনে এক ব্যবহারকারী রাহুল গান্ধীকে প্রশ্ন করেন, সংসদে বিতর্কের সুযোগ থাকা সত্ত্বেও কেন তিনি বারবার প্রকাশ্য বিতর্কের দাবি তুলছেন? এর জবাবে রাহুল গান্ধী অভিযোগ করেন, লোকসভায় তাঁকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় না এবং তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। কংগ্রেস নেতা বলেন, "আপনারা আমাকে কৃষি বিল, ভোট চুরি, ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর), চিন সীমান্ত, জেনারেল নারাভানের বই কিংবা এপস্টিন সংক্রান্ত বিষয়ে কথা বলতে দেননি। আমি দীর্ঘ বক্তৃতার বিতর্ক চাই না, আমি সরাসরি একের বিরুদ্ধে এক বিতর্ক চাই।
"

বিতর্কের রূপরেখা ব্যাখ্যা করে রাহুল বলেন, "আমি চাই নরেন্দ্র মোদি আমার বিরুদ্ধে অভিযোগ আনুন এবং আমিও তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনব। তিনি আসুন; মাঝখানে একটি টেবিল থাকবে—একদিকে থাকবেন নরেন্দ্র মোদিজি এবং অন্যদিকে থাকব আমি। গৌতম আদানি বা মোহন ভাগবতকে বিচারক করা হলেও আমার আপত্তি নেই। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার সঙ্গে মুখোমুখি বিতর্কের পর তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না।"