পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতিবাদস্থল থেকে পুলিশ সরিয়ে নিয়ে যাওয়ার এক দিন পরই নিজেকে ‘গৃহবন্দি’ বলে দাবি করলেন বিশিষ্ট জলবায়ু ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, লাদাখে তাঁর বাসভবনের বাইরে প্রায় ২০ থেকে ২৫ জন পুলিশ ও আধা-সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে এবং তাঁর গতিবিধি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ‘লেহ অ্যাপেক্স বডি’-র এই অন্যতম প্রধান সদস্য জানিয়েছেন, কোনো আনুষ্ঠানিক গ্রেপ্তার ছাড়াই কীভাবে একজন নাগরিককে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া থেকে বিরত রাখা যায়, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

বৃহস্পতিবার গভীর রাতে এক্স এবং ফেসবুকে শেয়ার করা ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, বুধবার রাত থেকেই তাঁর বাড়ির বাইরে একাধিক গাড়ি, তাঁবু এবং বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে। এমনকি দিনের বেলায় বাড়ির চারপাশে সশস্ত্র বাহিনী ঘিরে রেখেছে বলে তাঁর দাবি।

প্রশাসনের পক্ষ থেকে তাঁকে কেবল ‘বাড়িতে থাকার পরামর্শ’ দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা নিয়ে তীব্র কটাক্ষ করেন ওয়াংচুক। তাঁর মতে, বাড়ির চারদিকে এই বিপুল নিরাপত্তা বলয় এবং চলাফেরায় নিষেধাজ্ঞা কার্যত গৃহবন্দি দশারই শামিল।

সোনম ওয়াংচুক জানান, তিনি এবং ‘লেহ অ্যাপেক্স বডি’ ও ‘কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’-এর নেতারা লাদাখের একাধিক ন্যায্য দাবিতে অবস্থান বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তাঁর ওপর এই নিষেধাজ্ঞা চাপানো হয়। ওয়াংচুকের মতে, তীব্র শীতের মধ্যে এই নির্বাচন ‘অগ্রহণযোগ্য’, কারণ এই সময়ে লাদাখের জনসংখ্যার একটি বড় অংশ কাজের ও অন্যান্য প্রয়োজনে অঞ্চলের বাইরে থাকেন। এছাড়া পার্বত্য পরিষদগুলিকে কার্যত ক্ষমতাহীন ও অকার্যকর করে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।