আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরসা মুণ্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ নভেম্বর মোট ২ হাজার ৯১৩ কোটি টাকা ব্যয়ে ২৪৬টি প্রকল্পের ঘোষণা করবেন তিনি। ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে ‘জনজাতি গৌরব পর্ব’। এর সমাপ্তি অনুষ্ঠান তথা মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাঁও।
আরও পড়ুন:
মন্ত্রী দাবি করেন, আদিবাসী উন্নয়নে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তাঁর বক্তব্য, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল দারিদ্র্য দূরীকরণের স্লোগান দিলেও বাস্তবে প্রত্যাশিত কাজ হয়নি। অন্যদিকে, মোদি সরকারের আমলে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন বলে দাবি করেন তিনি। সেই ধারাবাহিকতায় আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন:
জুয়েল ওরাঁও বলেন, একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, শিক্ষাবৃত্তি এবং উচ্চশিক্ষায় আদিবাসী পড়ুয়াদের উৎসাহিত করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আদিবাসী অধ্যুষিত এলাকার বনজ ও ভেষজ সম্পদ, বিশেষ করে বিভিন্ন ঔষধি গাছপালার ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আদিবাসী এলাকাগুলিতে অতিরিক্ত ২০ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ এবং আরও ২০ লক্ষ বাড়ি তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।
আরও পড়ুন:
তবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে আদিবাসী উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। উদাহরণ দিয়ে তিনি জানান, কয়লা মন্ত্রকের অধীন সংস্থাগুলির সিএসআর তহবিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা রয়েছে।
অথচ সেখান থেকে আদিবাসী বিষয়ক কাজে বরাদ্দ হয়েছে মাত্র ২০ কোটি টাকা। এই বৈষম্যে হতাশা প্রকাশ করে মন্ত্রী বলেন, বিষয়টি তাঁর খারাপ লেগেছে।আরও পড়ুন:
এদিকে, বিভিন্ন রাজ্যে নতুন নতুন সম্প্রদায়কে তফসিলি জনজাতি বা শিডিউলড ট্রাইবসের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও উঠছে। এ প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, কোনও সম্প্রদায়ের দাবি উঠলেই তাকে সরাসরি আদিবাসী বা তফসিলি জনজাতির স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। এর জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের সুপারিশ, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন এবং সংসদে বিল পাশ-সহ নির্দিষ্ট সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় নতুন কোনও সম্প্রদায়কে তফসিলি জনজাতির স্বীকৃতি দেওয়া সময়সাপেক্ষ বলেও জানান তিনি।