পুবের কলম ওয়েবডেস্ক, শস্যের গোড়া পোড়ানোর ঘটনা কমলেও দূষণ থেকে রেহাই মিলছে না দিল্লিবাসীর। বরং শুক্রবার, ১৩ নভেম্বর সকালে রাজধানীর বাতাসের অবস্থা আরও খারাপ হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির সার্বিক বাতাসের গুণমানের সূচক (একিউআই) ৪০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার এই সূচক ছিল ৩৫০।

অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

দূষণ মাপার ৫৮টি কেন্দ্রের মধ্যে ২১টিতে একিউআই ৪০০-এর উপরে পৌঁছেছে। আইটিও মোড়ে সূচক ছিল ৪৫৫। এই তালিকায় রয়েছে এমস, আনন্দ বিহার, অক্ষরধাম এবং রজোকরি সীমান্তও।

সিপিসিবির মাপকাঠি অনুযায়ী, একিউআই ৪০১ থেকে ৫০০ হলে তাকে ‘মারাত্মক’ পর্যায় বলা হয়।

দিল্লির এই পরিস্থিতির নেপথ্যে কী কারণ, তা নিয়ে প্রশ্ন উঠছে। পঞ্জাব ও হরিয়ানায় ধান কাটার পর জমিতে পড়ে থাকা শস্যের গোড়া পোড়ানোর ঘটনা কমেছে। নাসার উপগ্রহের হিসাবে, ১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দুই রাজ্যে মোট ৪ হাজার ১০৭টি এমন আগুনের ঘটনা ধরা পড়েছে।

এর মধ্যে পঞ্জাবে ৩ হাজার ৭২৯টি এবং হরিয়ানায় ৩৭৮টি। শুধু ১২ নভেম্বরই দুই রাজ্যে ৯৬টি আগুনের ঘটনা নজরে এসেছে।

তবে শস্যের গোড়া পোড়ানোই দিল্লির দূষণের একমাত্র কারণ নয়। যানবাহনের ধোঁয়া, স্থানীয় দূষণ এবং দুর্বল বাতাসের গতিও পরিস্থিতি খারাপ করছে। এর পাশাপাশি প্রতিদিন সকালে ঘন ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে রাজধানীর বিস্তীর্ণ এলাকা। কমছে দৃশ্যমানতা, বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ।