পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে বুধবার সিআরপিএফ-এর একটি নাকা পার্টির ওপর অতর্কিত হামলার নেপথ্যে উপত্যকার ‘মোস্ট ওয়ান্টেড’ লস্কর-ই-তৈবা জঙ্গি মহম্মদ লতিফ ভাট ওরফে লতিফ ভাটের হাত রয়েছে বলে সন্দেহ করছে নিরাপত্তা সংস্থাগুলি। পুরোনো চেনা ছকে ‘হিট অ্যান্ড রান’ বা গুলি চালিয়ে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার কৌশল নিয়ে এই হামলা চালানো হয়েছে, যাতে তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে হামলার ভয়াবহতা ধরা পড়েছে। সেখানে দেখা যায়, লতিফ ও তার সঙ্গীরা সিআরপিএফ চেকপোস্ট লক্ষ্য করে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে ৩০ রাউন্ড এলোপাতাড়ি গুলি চালায়।

জওয়ানরা দ্রুত আড়াল নিয়ে পাল্টা জবাব দিলে লতিফ ঘটনাস্থল থেকে পালিয়ে আশেপাশের এলাকায় গা ঢাকা দেয়।
 
তদন্তকারীদের মতে, কুলগামের হামলার ধরন গত জুলাই মাসে হওয়া একাধিক জঙ্গি হামলার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজের খোসাগুলির ফরেনসিক পরীক্ষা করে দেখা গেছে, সেগুলি জুলাই মাসের হামলার খোসাগুলির সঙ্গে মিলে যাচ্ছে। এতে নিরাপত্তা বাহিনীর সন্দেহ আরও দৃঢ় হয়েছে যে, এই হামলার নেপথ্যে লতিফ ভাট এবং তার দলই জড়িত।
গোয়েন্দা সূত্রে খবর, কুলগামের বাসিন্দা লতিফ বর্তমানে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মিলে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন গোপন আস্তানায় যাতায়াত করছে এবং ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’-দের নেটওয়ার্কের সাহায্য নিচ্ছে।
 
লতিফ ভাটকে ধরতে দক্ষিণ কাশ্মীর জুড়ে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিরাপত্তা বাহিনী। মাত্র চার দিন আগেই পুলিশ লতিফের ছবিসহ পোস্টার প্রকাশ করে তার গতিবিধি ও নেটওয়ার্ক সম্পর্কে তথ্যের জন্য ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সম্প্রতি শ্রীনগরে লতিফকে দেখা গেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই গোটা শহর জুড়ে তার পোস্টার সাঁটানো হয়েছে এবং সাধারণ মানুষকে তথ্য দিয়ে সাহায্য করার অনুরোধ জানানো হয়েছে। ওই পোস্টারে লতিফের পাশাপাশি বারামুল্লার আরও তিন মোস্ট ওয়ান্টেড জঙ্গির বিবরণও রয়েছে, যারা বর্তমানে পাক-অধিকৃত কাশ্মীর থেকে তাদের কার্যকলাপ চালাচ্ছে।