পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী হল অসম। কাজিরাঙার কোহরা রেঞ্জের রঙ্গাজান এলাকায় হাতিকুল চা বাগানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে একটি কন্টেনার ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। জানা গিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই মিনিবাসের যাত্রীদের অধিকাংশই ছিল পড়ুয়া।
পুলিশ সূত্রে খবর, মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। উলটোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে তীব্র গতিতে ধাক্কা লাগায় বাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং বহু যাত্রী ভিতরে আটকে পড়েন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় গতি নিয়ন্ত্রণের নির্দেশ থাকা সত্ত্বেও মিনিবাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল। এর ফলেই চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও পর্যন্ত পুলিশের কাছে পুরোপুরি স্পষ্ট নয়।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং দ্রুত পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে প্রথমে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের জোরহাট মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বোরা। তিনি নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজের তদারকি করেন। পাশাপাশি, পড়ুয়া ও যাত্রীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।