পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি মাসের ২১ তারিখ, শনিবার এক দিনের সফরে ফের কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ওইদিন সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখান থেকে সরাসরি তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।


প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সূচনা। সব কিছু ঠিক থাকলে ওই দিনই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী নিজেও ওই দিন মেট্রোয় সফর করতে পারেন। চিংড়িঘাটার কাছে জমিজটের কারণে দীর্ঘদিন ধরে এই মেট্রোপথের সম্প্রসারণের কাজ আটকে ছিল। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান করেছে।
এই রুটটি চালু হলে দক্ষিণ কলকাতার শহরতলি থেকে তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভের অফিসযাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হয়ে যাবে।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় বঙ্গ সফর। এর আগে গত ৪ মে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। দীর্ঘ পাঁচ মাস পর তাঁর এই সফরে সরকারি কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, প্রকল্প উদ্বোধনের পর নতুন সরকার ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি প্রয়োজনীয় পরামর্শও দিতে পারেন। তবে রাজ্য বিজেপির তরফে প্রধানমন্ত্রীর সম্পূর্ণ কর্মসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।