পুবের কলম ওয়েব ডেস্ক: তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় ভয়ংকর পথ দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় সেনার একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একাধিকবার পালটি খেয়ে রাস্তার ধারের একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় অন্তত সাতজন জওয়ান আহত হয়েছেন, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রাকটি হায়দরাবাদের গোলকোন্ডা আর্মি ক্যাম্প থেকে শাবাদ শহরের দিকে একটি প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেনার এক প্রশিক্ষক গাড়িটি চালাচ্ছিলেন বলে খবর।
দুর্ঘটনার পরপরই সেখানে উপস্থিত অন্য সেনা জওয়ানরা আহতদের উদ্ধার করে দ্রুত গোলকোন্ডা সেনা হাসপাতালে ভরতি করেন। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঠিক কী পরিস্থিতিতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালেন, সে বিষয়ে এখনও সেনার তরফে বিস্তারিত কোনও বিবৃতি দেওয়া হয়নি।