পুবের কলম ওয়েব ডেস্ক: ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। শুক্রবার উখরুল জেলার ইম্ফল-উখরুল সড়কের নিউ হ্যাভেন এলাকায় রাস্তায় গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি চালাল সন্দেহভাজন জঙ্গিরা। অতর্কিত এই হামলায় দুই মহিলা-সহ চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মাঝরাস্তায় দুটি গাড়িকে থামিয়ে এই হামলা চালানো হয়।
ক্ষতিগ্রস্ত গাড়িগুলিতে একাধিক গুলির চিহ্ন পাওয়া গিয়েছে।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ এবং অসম রাইফেলসের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে আর কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য নিরাপত্তারক্ষীরা সংলগ্ন গ্রামগুলি ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবারই রাজ্যের সেনাপতি জেলায় গোলাগুলির কারণে একজনের মৃত্যু হয়। পাশাপাশি উখরুল জেলায় কুকি জঙ্গিদের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন এবং সাধারণ কৃষকদের উপরও হামলার খবর মিলেছে।
প্রসঙ্গত, গত ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে চরম জাতিগত সংঘাত শুরু হয়। এই হিংসার জেরে এখনও পর্যন্ত রাজ্যে অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ৪৯ জন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একটি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে পাহাড়ি জেলাগুলিতে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষেও অন্তত ৫০ জনের প্রাণ গিয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে একের পর এক এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।