পুবের কলম ওয়েব ডেস্ক: বছর ঘুরলেই নতুন ক্লাস, আর তার সঙ্গেই পড়ুয়াদের হাতে আসবে একেবারে নতুন পাঠ্যবই। আগামী ২০২৭ সালের ২ জানুয়ারি ‘বই দিবস’ উপলক্ষে সমস্ত স্কুলপড়ুয়ার হাতে যাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া যায়, তার জন্য তৎপর হয়েছে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর। বিগত সরকারের আমলে নির্দিষ্ট দিনে সমস্ত পড়ুয়ার হাতে বই না পৌঁছনোর একাধিক অভিযোগ উঠত। তবে এবার ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছতে শুরু করেছে। জানুয়ারির আগেই যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাবাদী সিলেবাস কাম কারিকুলাম কমিটি।
নতুন বছরে প্রাথমিক স্তরের বেশ কিছু বইয়ের নামে পরিবর্তন আনা হয়েছে। এতদিন প্রাক্-প্রাথমিকের পড়ুয়াদের জন্য ‘কুটুম-কাটাম’, ‘বিহান’ ও ‘মজারু’ পাঠ্যবই ছিল। আগামী বছর থেকে ‘মজারু’-র পরিমার্জিত সংস্করণের নামকরণ হয়েছে ‘রং ও রেখা’। অন্যদিকে, চতুর্থ শ্রেণির বাংলা বই ‘পাতাবাহার’-এর নাম বদলে রাখা হয়েছে ‘উন্মেষ’।
তবে নতুন পাঠ্যবইয়ের মুখবন্ধ ঘিরে পুরনো বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বইয়ের মুখবন্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মনকে ধন্যবাদ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতির কলমে লেখা হয়েছে, পাঠ্যপুস্তক প্রণয়নে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশের জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। যদিও আগের সরকারের মতো এখানে ‘অনুপ্রেরণা’ শব্দটি ব্যবহৃত হয়নি, তবুও শিক্ষকদের একাংশের অভিযোগ, বিগত সরকারের রাজনৈতিক সংস্কৃতির ধারা থেকে নতুন সরকারও বেরিয়ে আসতে পারেনি।
এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, বিগত পনেরো বছরের অভ্যাস থেকে নতুন সরকার বেরোতে পারছে না। স্কুল পড়ুয়াদের বইতে মন্ত্রীদের এমন জয়গান করার কোনও প্রয়োজন নেই এবং এতে ভালো বার্তাও যায় না। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক অনিমেষ হালদারও এই বিষয়ের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর মতে, সরকারি অর্থে ছাপানো বইয়ে রাজনৈতিক প্রচারের পরিবর্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-সহ বাংলার নবজাগরণের মনীষীদের ছবি, জীবনাদর্শ ও মূল্যবান উক্তি স্থান পাওয়া উচিত।
যদিও এই বিতর্ককে সম্পূর্ণ অবাঞ্ছিত বলে দাবি করেছেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তাঁর বক্তব্য, বিগত সরকারের আমলে যেভাবে মুখ্যমন্ত্রীর ‘অনুপ্রেরণা’র কথা উল্লেখ থাকত, এ ক্ষেত্রে তা হয়নি। এখানে পর্ষদ কেবল ধন্যবাদ জানিয়েছে। উল্লেখ্য, প্রাথমিক স্তরের বইয়ে এমন উল্লেখ থাকলেও, উচ্চপ্রাথমিক বা মাধ্যমিক স্তরের কোনও পাঠ্যবইতে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর নাম নেই বলেই জানা গিয়েছে।