পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দলে শৃঙ্খলারক্ষায় জোর দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তৃণমূল জমানার মতো ‘দখল সংস্কৃতি’ বা গা-জোয়ারি যাতে দলে জায়গা না পায়, তার জন্য বারবার সতর্কবার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। কিন্তু সেই নির্দেশ অমান্য করে দলের নিচু স্তরের নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ভূরি ভূরি অভিযোগ উঠছে। এর জেরে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে শাসকদল।

সূত্রের খবর, দলবিরোধী কাজ এবং বলপূর্বক অন্য দলের কার্যালয় দখলের অভিযোগে ২২ জন পদাধিকারীকে সাসপেন্ড করার পথে হাঁটতে পারে বিজেপি।
ইতিমধ্যেই বিভিন্ন জেলার মণ্ডল সভাপতি, বুথ সভাপতি এবং একজন জেলা সভাপতি-সহ মোট ২২ জনকে শোকজ করা হয়েছে। দলের অন্দরের খবর, অভিযুক্তদের দেওয়া জবাবে যদি দল সন্তুষ্ট না হয়, তাহলে তাঁদের সাসপেন্ড করা হতে পারে। সম্প্রতি শমীক ভট্টাচার্য দলের নেতাদের কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, কোনও কোনও মণ্ডল সভাপতি নিজেকে পুলিশমন্ত্রী ভাবতে শুরু করেছেন, আবার কিছু পুলিশ কর্মী নিজেকে মণ্ডল সভাপতি মনে করছেন— এই ধরনের আচরণ দলে একেবারেই বরদাস্ত করা হবে না।

একই সুরে সংগঠনের নেতাদের দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, পুলিশ যদি নিজেদের সংগঠনের সর্বেসর্বা মনে করে, তা যেমন ভুল, তেমনই মণ্ডল সভাপতিরা নিজেদের পুলিশমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ভাবলে সেটা আরও বড় বোকামো। তাঁর মতে, সকলের উচিত নিজেদের নির্দিষ্ট দায়িত্বটুকু সঠিকভাবে পালন করা এবং মণ্ডল সভাপতিদের উচিত কেবল সংগঠনের দিকে মন দেওয়া। শীর্ষ নেতৃত্বের এই বার্তার পরেই দলে শৃঙ্খলা ফেরাতে এই কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।