যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফের স্বাভাবিক হয়েছে উড়োজাহাজ চলাচল। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় শুক্রবার আবার আকাশপথে বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

হোয়াইট হাউসে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শন ডাফি জানান, পুরোনো প্রযুক্তি ও হার্ডওয়্যারের ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে। দেশজুড়ে রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল।

রাউটার থেকে অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সাময়িকভাবে সারা দেশে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়।

পরিবহনমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত পুরোনো। রাউটারগুলির ওপর অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হওয়ায় সেগুলি থেকে ভুল ও অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করে। ফলে বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দেয়।

এই পরিস্থিতি মোকাবিলায় বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য কংগ্রেসের কাছে প্রয়োজনীয় অনুমোদন চেয়েছেন শন ডাফি। তাঁর দাবি, গোটা এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা ঢেলে সাজাতে প্রায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ প্রয়োজন।

এদিকে, এই বিপর্যয়ের পিছনে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কোনও ত্রুটি রয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কোনও সাইবার হামলা বা মাইক্রোসফটের বিপর্যয়ের সম্পর্ক নেই।