পুবের কলম ওয়েব ডেস্ক: এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের নতুন ইন্টারভিউ প্যানেলেও এবার হদিশ মিলল এক ডজন 'অযোগ্য' প্রার্থীর। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে ওই ১২ জনের প্রার্থীপদ বাতিল করেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ২০২৫ সালের শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী কোনও ধাপেই এই প্রার্থীরা আর অংশ নিতে পারবেন না।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি লিখিত পরীক্ষার ভিত্তিতে এই নতুন ইন্টারভিউ প্যানেলটি তৈরি হয়েছিল। কিন্তু প্যানেল প্রকাশের পর দেখা যায়, তাতে এমন ১২ জনের নাম রয়েছে যাঁরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছিলেন।

সিবিআইয়ের তদন্তে ওএমআর শিটে কারচুপির তালিকাতেও এঁদের নাম ছিল। এই বারোজনের মধ্যে চারজন প্রথম এসএলএসটি (সহকারী শিক্ষক) এবং বাকি আটজন তৃতীয় আরএলএসটি (শিক্ষাকর্মী) পরীক্ষায় অযোগ্য বলে প্রমাণিত হয়েছিলেন। বাতিল হওয়া এই ১২ জন প্রার্থী হলেন— অলকেশ বর্মন, অনিন্দিতা মাইতি, অমিত মণ্ডল, মিলন দাস, অজয় বর্মন, মহম্মদ রশিদুল শেখ, অমল সরকার, মহম্মদ ফিরোজ আলম, সুমন আচার্য বৈষ্ণব, শীলারানি মন্ত্রী এবং দু'জন সাদ্দাম হোসেন।
কমিশনের এই দ্রুত পদক্ষেপের ফলে কিছুটা স্বস্তি মিললেও, গোটা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিটিইএ-সহ বিভিন্ন শিক্ষক সংগঠন। ২০১৬ সালের দুর্নীতিতে নাম থাকা এই 'দাগি' প্রার্থীরা কীভাবে নতুন করে অ্যাডমিট কার্ড পেলেন এবং লিখিত পরীক্ষায় বসলেন, তা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। পাশাপাশি, এসএসসির নজরদারি এড়িয়ে এই নতুন ইন্টারভিউ প্যানেলে আরও এমন কোনও অযোগ্য প্রার্থীর নাম লুকিয়ে রয়েছে কি না, তা নিয়েও শিক্ষামহলে ঘোরতর জল্পনা শুরু হয়েছে।