পুবের কলম, হায়দরাবাদ: কংগ্রেসের উদ্যোগে হায়দরাবাদে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘ভারত সামিট’-এ যোগ দিতে আসা ১১৫ জন বিদেশি বক্তাকে ভারতে প্রবেশে বাধা দেওয়া এবং তাঁদের ভিসা বাতিল করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর দাবি, বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পাওয়া ৩১৫ জন আন্তর্জাতিক বক্তার মধ্যে ১১৫ জনের ক্ষেত্রেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হওয়া এই সম্মেলন শনিবার শেষ হওয়ার কথা। সম্মেলনে যোগ দিতে হায়দরাবাদে পৌঁছানোর পরই তিনি এই নিষেধাজ্ঞার বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন থারুর।
আরও পড়ুন:
শুক্রবার ‘এক্স’-এ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন শশী থারুর। কোন আইনি ধারার অধীনে সরকার এমন চরম সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, সম্মেলনটি প্রায় শেষের পথে হওয়ায় এখন আর এই সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়। ক্ষোভ উগরে দিয়ে থারুর লেখেন, "কী লজ্জার বিষয় যে একটি গর্বিত গণতন্ত্র আজ এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে, যেকোনো সমালোচনামূলক কণ্ঠস্বরকে তারা স্তব্ধ করে দিতে বাধ্য হচ্ছে!" সামিটের কার্যক্রমে এটি একটি অত্যন্ত হতাশাজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
হায়দরাবাদে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ৭০টি দেশের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং প্রগতিশীল নেতারা অংশ নিয়েছেন। প্রায় ১,০০০ প্রতিনিধির এই সমাবেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও যোগ দিয়েছেন। উল্লেখ্য, এই ভিসা বাতিলের তালিকাতেই রয়েছেন নরওয়ের সাংবাদিক হেলি লিং। সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্র বিষয়ে বক্তব্য রাখার জন্য হায়দরাবাদে আমন্ত্রিত এই সাংবাদিক অভিযোগ করেছিলেন, বৈধ ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র থাকা সত্ত্বেও বিমানবন্দরে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে ভারতীয় দূতাবাস থেকে তাঁর ভ্রমণ বাতিল করা হয়।