আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানালেন মিশিগান থেকে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ। তবে শপথের সময় কোন কোরআনের কপিটি ব্যবহার করবেন, তা এখনও চূড়ান্ত করেননি তিনি। সম্ভাব্য দুটি কপির কথা উল্লেখ করে জানিয়েছেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া বাকি।

বৃহস্পতিবার সামা টিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে এল-সাইয়েদ তাঁর সম্ভাব্য পছন্দের কথা জানান।

এর মধ্যে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের একটি কপি এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীনতম কোরআনের কপি।

সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, সম্ভবত তিনি পবিত্র কোরআন ছুঁয়েই শপথ নেবেন। তবে কোন কপিটি ব্যবহার করবেন, তা এখনও নিশ্চিত নয়। তাঁর কথায়, টমাস জেফারসনের সংগ্রহে থাকা কোরআনের কপিটি একটি সম্ভাবনা। কিথ এলিসন যখন মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন, তখন তিনি ওই কোরআন ছুঁয়েই শপথ গ্রহণ করেছিলেন।

এল-সাইয়েদ আরও জানান, মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম দিককার একটি প্রাচীন কোরআনের কপিও তাঁর বিবেচনায় রয়েছে। সেটিও শপথ গ্রহণের জন্য বেছে নিতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত কোন কপিটি ব্যবহার করবেন, তা এখনও স্থির হয়নি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মার্কিন সিনেটে নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল এল-সাইয়েদ। তাঁকে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়ার কৃতিত্ব দেওয়া হচ্ছে। আগামী ৩ জানুয়ারি ২০২৭-এ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।