বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২০২৭ সালের তালিকায় ১৩তম স্থানে রয়েছেন তিনি। রাজনীতি, ধর্ম, সমাজ, অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত এই তালিকায় তাঁর স্থান পাওয়াকে মালয়েশিয়ার জন্য উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড অব বাজ। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে আনোয়ার ইব্রাহিমকে ১৩তম স্থানে রাখা হয়েছে।

প্রতিবেদনে মালয়েশিয়ার অর্থনৈতিক ও ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ এবং জ্বালানি খাতে পরিবর্তন আনতে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ‘মালয়েশিয়া মাদানি’ উন্নয়ন কাঠামোর আওতায় নেওয়া বিভিন্ন কর্মসূচিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

আন্তর্জাতিক কূটনীতিতেও আনোয়ার ইব্রাহিমের ভূমিকার প্রশংসা করা হয়েছে প্রতিবেদনে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাঁর কূটনৈতিক তৎপরতা, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার উত্তেজনা প্রশমনে উদ্যোগ এবং ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার পক্ষে তাঁর ধারাবাহিক অবস্থানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ইতিহাসও তুলে ধরা হয়েছে।

১৯৭১ সালে তিনি মালয়েশিয়ান ইসলামিক ইয়ুথ মুভমেন্টের (এবিআইএম) প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব সামলেছেন তিনি।

এ ছাড়া গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মঞ্চে মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট নিয়ে তাঁর বক্তব্য ও কূটনৈতিক তৎপরতাও প্রতিবেদনে বিশেষভাবে স্থান পেয়েছে।

২০২৭ সালের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো রয়েছেন ১৬তম স্থানে। পাশাপাশি ফিলিস্তিনের চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ২০২৭ সালের ‘ম্যান অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিশ্বজুড়ে মুসলিম ব্যক্তিত্বদের রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক অবদান, ধর্মীয় ভূমিকা এবং আন্তর্জাতিক প্রভাবের ভিত্তিতে প্রতি বছর এই তালিকা প্রকাশ করা হয়।