যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির জেরে যুক্তরাষ্ট্রজুড়ে সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিল দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগে সমস্যা দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার।
আরও পড়ুন:
এফএএর নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যে আকাশে থাকা উড়োজাহাজগুলি গন্তব্যে অবতরণ করতে পারবে।
তবে নতুন করে কোনও বিমানবন্দর থেকে উড়োজাহাজ উড্ডয়ন করতে পারবে না। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলির যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় দেশজুড়ে এই নির্দেশ জারি করা হয়েছে। এফএর প্রযুক্তিবিদরা সমস্যার কারণ খতিয়ে দেখছেন। পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া মাত্র তা জানানো হবে বলেও জানান তিনি।আরও পড়ুন:
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখার ঘটনা ঘটল। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ-র একটি প্রযুক্তিগত সমস্যার কারণে দেশটির অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল।
আরও পড়ুন:
এর আগে শিকাগোতেও বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছিল এফএএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখতে বলা হয়েছিল।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানানো হয়েছিল।আরও পড়ুন:
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দীর্ঘদিন ধরেই নানা সমস্যার মুখে রয়েছে। পুরোনো প্রযুক্তি ও যন্ত্রপাতি, যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর ঘাটতি নিয়ে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে পুরোনো অবকাঠামো বদলে আধুনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে এফএএ।
আরও পড়ুন:
এই পরিকাঠামো আধুনিকীকরণের জন্য গত বছর মার্কিন কংগ্রেস ১ হাজার ২৫০ কোটি ডলার বরাদ্দ করেছিল। তবে শুক্রবার এফএএ এবং হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে অতিরিক্ত ৩ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দের আবেদন জানিয়েছে।