পুবের কলম ওয়েব ডেস্ক: এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক ত্রুটির কারণে প্রায় চার ঘণ্টার জন্য দেশজুড়ে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিল আমেরিকা। এর ফলে গোটা দেশে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়। ফ্লাইট-ট্রেকিং সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার জেরে সব মিলিয়ে প্রায় ১১ হাজার উড়ান প্রভাবিত হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ জঙ্গি হামলার পর এই প্রথমবার আমেরিকায় বিমান চলাচলের ক্ষেত্রে এমন নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করা হল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টে ৫৪ মিনিটে (ভারতীয় সময় শনিবার ভোর ২টো ২৪ মিনিট) মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায় যে আমেরিকা থেকে বাইরের সমস্ত উড়ান আপাতত বাতিল করা হচ্ছে।

আঞ্চলিক এটিসি কেন্দ্রগুলিতে যোগাযোগ সমস্যার কারণেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যে বিমানগুলি তখন আকাশে উড়ন্ত অবস্থায় ছিল, সেগুলিকে নিরাপদে অবতরণের সুযোগ দেওয়া হয়। বাকি বিমানগুলিকে পুরোপুরি মাটিতে আটকে রাখা হয়।
এই নিষেধাজ্ঞার জেরে প্রায় ১০ হাজার বিমান দেরিতে চলেছে এবং হাজারেরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। শত শত বিমানের পথ ঘুরিয়ে দেওয়ায় হাজার হাজার যাত্রী নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরেই আটকে পড়েন।
প্রায় চার ঘণ্টা পর এফএএ এই নিষেধাজ্ঞা তুলে নেয়। নতুন করে বিমান চলাচল শুরু হলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও অনেকটা সময় লাগবে বলে জানা গিয়েছে। যোগাযোগ ব্যবস্থায় ঠিক কী কারণে এই ত্রুটি দেখা দিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে ২০২৩ সালের ১১ জানুয়ারি এফএএ-র নোটাম ব্যবস্থায় বড়সড় ত্রুটির কারণে একবার বিমান পরিষেবা ব্যাহত হয়েছিল। তবে গত পঁচিশ বছরে আমেরিকায় আকাশপথে এমন ব্যাপক মাত্রায় বিশৃঙ্খলা আর দেখা যায়নি।