মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্যের জেরে নতুন করে আইনি জটিলতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুজরাটিদের ভাবাবেগে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে পুলিশের তলবে শনিবার ভবানীপুর থানায় হাজিরা দেন তিনি। বেলা ১২টা ২৩ মিনিট নাগাদ থানায় পৌঁছন অভিষেক।
আরও পড়ুন:
অভিযোগ, সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল' বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। তাঁর ওই পোস্টের বিরুদ্ধে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস।
অভিযোগকারীর দাবি, একজন সাংসদের কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রত্যাশিত নয়। এই মন্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি বিঘ্নিত হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।আরও পড়ুন:
এই অভিযোগের ভিত্তিতে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তের স্বার্থে শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অভিষেককে। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছন তিনি।
আরও পড়ুন:
অন্যদিকে, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলায় জড়িয়েছেন তৃণমূলের এই সাংসদ। গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ তাঁর মতো বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। পাশাপাশি, সরকার পরিবর্তন হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি বলে অভিযোগ।
আরও পড়ুন:
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর এক মহিলা গিরিশ পার্ক থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দেয় পুলিশ। আগামী ২০ নভেম্বর তাঁকে গিরিশ পার্ক থানায় হাজির হতে বলা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিষেকের বাড়ির তরফে ওই নোটিস গ্রহণ করা হয়েছে।