পুবের কলম ওয়েবডেস্ক, বয়সের ভারে নুয়ে পড়ার কথা যাঁদের, তাঁরাই এখন হাতে বন্দুক নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন! লক্ষ্য কোনও দুষ্কৃতী নয়, একদল দুষ্টু বাঁদর। জাপানের একটি ছোট্ট গ্রামে ফসল বাঁচাতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন তিন প্রবীণ নারী। তাঁদের কারও বয়স ৬৭, কারও ৬৮, আবার কারও ৭৪ বছর। গ্রামের মানুষের কাছে তাঁরা এখন পরিচিত ‘মাঙ্কি বাস্টার্স’ নামে।

ঘটনাটি জাপানের ফুকুই প্রদেশের মিয়ামা এলাকার। সেখানে দীর্ঘদিন ধরেই বাঁদরের উৎপাত।

কখনও খেতের সবজি তুলে নিয়ে যাচ্ছে, কখনও ফলের বাগানে হানা দিচ্ছে। শুধু ফসল নষ্ট করাই নয়, গ্রামের আশপাশের ঐতিহাসিক ও ধর্মীয় স্থানেও বাঁদরের দল নানা উপদ্রব চালাচ্ছে। স্থানীয়দের ধারণা, প্রায় ২০টি বাঁদরের একটি দল এই তাণ্ডবের পিছনে রয়েছে।

এই পরিস্থিতিতে ঘরে বসে থাকতে রাজি হননি মাসাকো ইশিমুরা (৭৪), তাতসুকো কিনোশিতা (৬৮) এবং মিয়ুকি ইই (৬৭)। বাঁদরের উৎপাত থেকে গ্রামকে বাঁচাতে তাঁরা গড়ে তোলেন নিজেদের বিশেষ দল। নাম দেন ‘মাঙ্কি বাস্টার্স’। নামটি এসেছে জনপ্রিয় ‘ঘোস্টবাস্টার্স’ চলচ্চিত্র থেকে।

ভূত তাড়ানোর বদলে তাঁদের কাজ বাঁদর তাড়ানো।

তবে শুধু দল গঠন করেই দায়িত্ব শেষ করেননি তাঁরা। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বন্যপ্রাণীর মোকাবিলা নিয়ে প্রশিক্ষণেও অংশ নেন তিন নারী। এরপর হাতে তুলে নেন বৈদ্যুতিক এয়ারগান। গ্রামে বাঁদরের দেখা মিললেই খবর পৌঁছে যায় তাঁদের কাছে। কখনও রান্নাঘরের কাজ ফেলে, কখনও দৈনন্দিন কাজের মাঝেই এয়ারগান হাতে বেরিয়ে পড়েন তাঁরা। গ্রামের অলিগলি ও খেতের আশপাশে চলে তাঁদের টহল।

তবে তাঁদের উদ্দেশ্য বাঁদর মেরে ফেলা নয়। এয়ারগান ব্যবহার করে ভয় দেখিয়ে প্রাণীগুলিকে লোকালয় থেকে দূরে সরিয়ে দেওয়াই তাঁদের লক্ষ্য। জাপানের কৃষি মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, এই উদ্যোগের প্রথম দুই মাসেই গ্রামে বাঁদরের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বন্ধ হয়ে যায়। তাঁদের সাফল্যে উৎসাহিত হয়ে অন্য গ্রামের বাসিন্দারাও একই ধরনের উদ্যোগে যোগ দেন।

এই লড়াইয়ের পিছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। মিয়ামা এলাকার বহু প্রবীণ মানুষের কাছে চাষাবাদ শুধু জীবিকা নয়, সুস্থ ও সক্রিয় থাকারও অন্যতম উপায়। বয়স বাড়লেও তাঁরা নিজেদের জমিতে সবজি ও অন্যান্য ফসল ফলাতে চান। কিন্তু বাঁদরের অত্যাচারে সেই চাষাবাদই কঠিন হয়ে উঠছিল। ফলে তিন নারীর উদ্যোগ শুধু ফসল রক্ষার লড়াই নয়, গ্রামের প্রবীণ বাসিন্দাদের জীবনযাত্রা ও স্বনির্ভরতা বজায় রাখার প্রচেষ্টাও।