সোশ্যাল মিডিয়ায় গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় জড়ালেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হিমাচল প্রদেশ পুলিশ। অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তাঁর দুই পুত্র সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর মৃত্যু প্রসঙ্গে কঙ্গনার করা মন্তব্য এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে তাঁর বক্তব্য সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়াতে পারে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর শুক্রবার সিমলায় এই এফআইআর দায়ের করা হয়।
শহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। অভিযোগকারী জানিয়েছেন, গত ১০ নভেম্বর কঙ্গনা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যু নিয়ে একাধিক বিতর্কিত ইঙ্গিত করার পাশাপাশি সোনিয়া গান্ধীকে 'রহস্যময় বিদেশি নাগরিক' বলে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ।আরও পড়ুন:
এছাড়াও সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তাঁর স্ত্রী মানেকা গান্ধীর পারিবারিক বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রসঙ্গও ওই পোস্টে তুলে ধরা হয়েছিল বলে অভিযোগকারীর দাবি।
তাঁর বক্তব্য, এই ধরনের মন্তব্যকে নিছক রাজনৈতিক সমালোচনা হিসেবে দেখা যায় না। বরং তা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ও শত্রুতার পরিবেশ সৃষ্টি করতে পারে।আরও পড়ুন:
এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে ইমেলের মাধ্যমে হিমাচল প্রদেশের ডিজিপির কাছে অভিযোগ পাঠিয়েছিলেন ক্যাপ্টেন অতুল শর্মা। তাঁর আবেদনে কঙ্গনার ওই সোশ্যাল মিডিয়া পোস্টের ফরেনসিক ও সাইবার তদন্তের দাবি জানানো হয়েছিল। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করারও আবেদন করেন তিনি।