পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা পুরভোটের উপর কলকাতা হাই কোর্ট যে স্থগিতাদেশ জারি করেছিল, তাকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে রাজ্যের তরফে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহেই সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই পুরসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হয়।

প্রথম থেকেই বিরোধী দলগুলি এর বিরোধিতা করে আসছিল এবং বিষয়টি শেষমেশ হাই কোর্ট পর্যন্ত গড়ায়। হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট করা যাবে না। দীর্ঘদিন ধরে রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমে নির্বাচন না হওয়ায় প্রশাসকরাই দায়িত্ব সামলাচ্ছেন। নাগরিক পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য সরকার নভেম্বরের শেষের দিকেই ভোট করাতে চেয়েছিল। কিন্তু আদালতের এই নির্দেশের ফলে পুরভোট আপাতত অনিশ্চিত।
এরই মধ্যে শুক্রবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও হাই কোর্টে একটি পৃথক মামলা দায়ের হয়েছে।
এদিকে, পুরভোট না হওয়া পর্যন্ত কলকাতা ও হাওড়ায় নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ ডিসেম্বর থেকে এই কো-অর্ডিনেটররা নিজেদের কাজ শুরু করবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শাসকদল বিজেপির লোকেরাই এই কো-অর্ডিনেটরের দায়িত্ব পাবেন। হাই কোর্টের স্থগিতাদেশের পরই মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন। সেইমতো শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ার পর, এখন সর্বোচ্চ আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।