পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ ও ‘তৃতীয় ফ্রন্ট’-এর আত্মপ্রকাশ ঘটতে চলেছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-এর সভাপতি চন্দ্রশেখর আজাদ জোটবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার লখনউয়ে এক যৌথ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দুই নেতা তাঁদের আনুষ্ঠানিক জোটের কথা ঘোষণা করছেন।
উত্তরপ্রদেশের জাতপাত ও ধর্মীয় জনবিন্যাসের নিরিখে এই জোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নতুন জোটের ঘোষণার প্রাক্কালে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে বেকারত্ব, প্রশাসনিক ব্যর্থতা এবং অর্থনৈতিক সংকট নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন চন্দ্রশেখর আজাদ। নিজের দলের অগ্রাধিকার স্পষ্ট করে আজাদ বলেন, "আমরা উত্তরপ্রদেশের যুবসমাজ, কৃষক এবং দুর্বল শ্রেণির মানুষের ক্ষমতায়নের জন্য কাজ করব, তাঁদের অধিকার রক্ষা করব এবং বঞ্চিত সম্প্রদায়গুলিকে মূলস্রোতে নিয়ে আসব। আমরা কঠোর পরিশ্রম করে জনগণের বিশ্বাস অর্জন করব এবং নির্বাচনে জোরালো লড়াই করব। আমি মনে করি বিজেপির নীতিগুলি ভালো নয়, তবে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাঁরা কাকে সমর্থন করবেন।"