পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফোন ট্যাপ করার অভিযোগ নিয়ে এবার খোদ দলের অন্দরেই অস্বস্তি বাড়ালেন প্রবীণ কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। সম্প্রতি রাহুল অভিযোগ করেছিলেন যে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ফোন ট্যাপ করছেন। কিন্তু তাঁর সেই দাবি নস্যাৎ করে দিয়ে স্যাম পিত্রোদা স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজে কখনও ফোন ট্যাপ করেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তো আর স্ক্রু-ড্রাইভার নিয়ে বা কম্পিউটারে বসে এই কাজ করবেন না।

”
গত শুক্রবারই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন যে, তাঁর স্মার্টফোনে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে, যা প্রকাশ্যে এলে নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। রাহুলের অভিযোগ, মোদি বিদেশি শক্তির সঙ্গে আপস করে দেশদ্রোহীর মতো কাজ করেছেন এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তাঁর ফোনেই রয়েছে। সেই ভয়েই প্রধানমন্ত্রী তাঁর নম্বর ট্যাপ করছেন বলে দাবি করেছিলেন রাহুল।
রাহুলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যাম পিত্রোদা জানান, প্রধানমন্ত্রী নিজে এই কাজ করেন না ঠিকই, তবে ফোন ট্যাপ হওয়ার বিষয়টি অস্বাভাবিক নয়।
রাহুলের ফোন ট্যাপ হওয়ার আশঙ্কাকে তিনি যুক্তিযুক্ত বলেও মনে করেন। পিত্রোদার দাবি, তাঁর নিজের ফোনও ট্যাপ করা হয়, ল্যাপটপে নজরদারি চলে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টেও হানা দেওয়া হয়। তবে ঠিক কারা এই কাজ করে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।
অন্যদিকে, রাজনৈতিকভাবে চরম বিরোধী হওয়া সত্ত্বেও সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি স্যাম পিত্রোদাকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে পিত্রোদা জানিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভালো। উৎসবের শুভেচ্ছা জানানো একটি অত্যন্ত স্বাভাবিক বিষয় এবং তাঁরা রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করতে জানেন।