পুবের কলম ওয়েব ডেস্ক: সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তাঁকে বাংলা তথা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার নিদান দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর এই আক্রমণাত্মক মন্তব্যের তীব্র নিন্দা করে পালটা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। এই ইস্যুতে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও।
এদিন মহম্মদ সেলিমকে তীব্র আক্রমণ করে অর্জুন সিং বলেন, “সেলিম ভারতের লোকই নন। দেশবাসীর উচিত ওঁর থেকে সাবধান থাকা।
অর্জুন সিংয়ের এই মন্তব্যের পালটা কড়া জবাব দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। মন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ক্ষমতা থাকলে সেলিমকে দেশ থেকে তাড়িয়ে দেখান। শতরূপের কটাক্ষ, অর্জুন সিংকে একসময় বিজেপি এবং তৃণমূল দুই দলই তাড়িয়ে দিয়েছিল, বর্তমানে তিনি মন্ত্রী হয়েছেন। তাই মন্ত্রীর চেয়ারে বসে বিরোধীদের সম্মান দিয়ে কথা বলা উচিত, তবেই তিনি পালটা সম্মান পাবেন। খারাপ কথা বললে তাঁকেও অসম্মানিত হতে হবে। অন্যদিকে, এই তরজায় মুখ খুলেছে মমতা তৃণমূল। দলের মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, বিজেপির বিরুদ্ধে কিছু বললেই তাঁকে দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গগত, সম্প্রতি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মহম্মদ সেলিম। তিনি অভিযোগ করেছিলেন, ইতিহাসকে গালগল্প দিয়ে এবং বিজ্ঞানকে অপবিজ্ঞান দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। ভারতের সংস্কৃতি ও পরম্পরাকে নষ্ট করার চেষ্টা চলছে। এমনকি, প্রতিবাদ করলেই ধর্মের অপমান বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও সরব হয়েছিলেন তিনি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর বাংলার মানুষকে আরও সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। মনে করা হচ্ছে, সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার সেলিমের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক মন্তব্য করলেন অর্জুন সিং।