পুবের কলম ওয়েব ডেস্ক:.জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে মেগা র‍্যালি করেছিল কংগ্রেস। সেই ঘটনার দু'সপ্তাহ কাটতে না কাটতেই রাজধানীর এই ঐতিহ্যবাহী ময়দানে সভা, মিছিল বা বিক্ষোভ দেখানোর ক্ষেত্রে বড়সড় নিয়মকানুন আনতে চলেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই তারা একটি নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা নির্দেশিকার খসড়া তৈরি করেছে, যা চূড়ান্ত অনুমোদনের জন্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
পুলিশের এই প্রস্তাবিত খসড়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রামলীলা ময়দানে আয়োজিত কোনও কর্মসূচিতে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ জমায়েত হতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা, অর্থাৎ নির্দিষ্ট এই সাত ঘণ্টার মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে।

এর জন্য আয়োজকদের অন্তত ১০ দিন আগে অনুমতির আবেদন জানাতে হবে। জমায়েতের ফলে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়, তার জন্য গাড়ি পার্কিং ও যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আয়োজকদের পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে। রাস্তা, ফুটপাত বা জরুরি পরিষেবার পথ কোনওভাবেই অবরুদ্ধ করা চলবে না। পাশাপাশি, কর্মসূচিতে কোনওরকম অস্ত্রশস্ত্র বা দাহ্য পদার্থ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, মাসখানেক আগেই যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসাবে বাতিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এর বদলে রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে বিকল্প বিক্ষোভস্থল হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে যন্তর মন্তর থেকে রামলীলা ময়দানের দূরত্ব সবচেয়ে কম। তবে ১২ একরের এই সুপরিচিত ময়দানটি ব্যবহারের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতে হবে। নিয়ম অনুযায়ী, দিল্লি পুরসভার উদ্যানপালন বিভাগের অনুমতি এবং পুলিশের 'নো-অবজেকশন সার্টিফিকেট' নেওয়ার পাশাপাশি ময়দানটি বুক করতে প্রতিদিনের ভাড়া, কর ও সিকিউরিটি ডিপোজিট মিলিয়ে মোট ১ লক্ষ ২১ হাজার টাকা জমা দিতে হবে। এর মধ্যে ৫৫ হাজার টাকা ফেরতযোগ্য হলেও, বাকি প্রায় ৬৬ হাজার টাকা আয়োজকরা আর ফেরত পাবেন না।