পুবের কলম, বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে বেঙ্গালুরুর আনেকাল তালুকের একাধিক এলাকায় এক দিনেরও বেশি সময় ধরে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরের আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে সিপিআই(এমএল) লিবারেশন সহ বিভিন্ন মহল। পাশাপাশি, নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন—মাংস ভক্ষণকারীদের কি এখন আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক বা ‘সমাজবিরোধী’ হিসেবে গণ্য করা হচ্ছে?
আরও পড়ুন:
গত ১০ নভেম্বর বেঙ্গালুরু আর্বান জেলার ডেপুটি কমিশনার এবং জেলাশাসক পি এস কান্তারাজু এই নিষেধাজ্ঞামূলক নির্দেশিকা জারি করেন। নির্দেশ অনুযায়ী, আনেকাল তালুকের জিগানি টাউন মিউনিসিপ্যাল কাউন্সিল এবং কাল্লুবালু গ্রাম পঞ্চায়েত এলাকায় মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা ১৩ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত বলবৎ ছিল। পুলিশের তরফে জানানো হয়, আনেকালে স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থান আয়োজিত ‘প্রশান্তি কুটিরম’-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি সহ কেন্দ্র ও রাজ্যের বিশিষ্ট অতিথিরা যোগ দেবেন।
সেই সময় সমাজবিরোধীরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এই আশঙ্কা থেকেই জনশান্তি বজায় রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আরও পড়ুন:
মাংস ও মদ বিক্রির ওপর এই অস্থায়ী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘সাংবিধানিক অধিকারের ওপর আঘাত’ বলে অভিহিত করেছে সিপিআই(এমএল) লিবারেশন। এক বিবৃতিতে দলটি বলেছে, এই নির্দেশ নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা, ধর্ম ও বিবেকের স্বাধীনতা এবং পছন্দের খাদ্য ও জীবিকা বেছে নেওয়ার মৌলিক অধিকারকে খর্ব করেছে। লিবারেশনের অভিযোগ, ধর্মীয় সংখ্যালঘু, দলিত এবং আদিবাসীদের ওপর ‘ব্রাহ্মণ্যবাদী খাদ্যাভ্যাস’ চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, এই নিষেধাজ্ঞা তারই বর্ধিত রূপ।