পুবের কলম ওয়েব ডেস্ক: গুজরাটিদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে টানা সাড়ে চার ঘণ্টা ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা ১২টা ২৩ মিনিটে তিনি থানায় পৌঁছন এবং বিকেল সাড়ে ৪টে নাগাদ বেরিয়ে আসেন। তিনি যখন থানার ভিতরে ছিলেন, তখন বাইরে তাঁর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান ওঠে। পরবর্তী সময়ে সেখানে ভিড় জমান সাংসদের অনুগামীরাও।
জানা গিয়েছে, গত ২ মে সমাজমাধ্যমে একটি পোস্টে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক।
থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। সমাজমাধ্যমে তিনি কেন ‘গুজরাটি গ্যাং’ শব্দটি ব্যবহার করেছিলেন, পুলিশের কাছে তার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান তিনি। তৃণমূল সাংসদের দাবি, যখনই তাঁকে ডাকা হয়েছে, তিনি তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন।
জিজ্ঞাসাবাদ পর্ব মেটার পর কালীঘাটে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অভিষেক। তিনি অভিযোগ করেন, বিজেপি বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে অপমান করেছে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেছে। তাঁর বাড়ির সামনের শহিদ বেদি ভাঙার প্রসঙ্গ তুলে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, গরিব মানুষের বদলে তাঁর বাড়ির উপর দিয়ে যেন বুলডোজার চালানো হয়। এছাড়াও আবাস যোজনা ও সড়ক যোজনার টাকা আটকে রেখে কেন্দ্র রাজ্যকে ক্রমাগত বঞ্চিত করছে বলেও এদিন সরব হন তিনি।