পুবের কলম, ওয়েবডেস্ক: হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিট’-এ যোগ দিতে আসা ১১৫ জন বিদেশি বক্তাকে ভারতে প্রবেশে বাধা দেওয়া এবং তাঁদের ভিসা বাতিল করার যে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর, অবশেষে তার আনুষ্ঠানিক জবাব দিল ভারতের বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভিসা প্রদান বা বাতিল করার সিদ্ধান্ত প্রতিটি দেশের এবং সরকারের নিজস্ব সার্বভৌম বিষয়।

উল্লেখ্য, এর আগে শশী থারুর কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে দাবি করেছিলেন, বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পাওয়া ৩১৫ জন আন্তর্জাতিক অতিথির মধ্যে ১১৫ জনকেই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই সম্মেলনে যোগ দেওয়া থেকে বিরত রাখা হয়েছে।

শশী থারুর সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে কেন্দ্রের এই পদক্ষেপকে গণতন্ত্রের নিরাপত্তাহীনতা বলে কটাক্ষ করেছিলেন এবং কোন আইনি বিধিতে এই ভিসা বাতিল হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। থারুরের সেই আক্রমণের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংক্ষিপ্ত অথচ কড়া বার্তায় জানান, যেকোনো দেশের সরকারের কাছে ভিসা সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণভাবে তাদের সার্বভৌম অধিকারের অন্তর্গত।