পুবের কলম, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে দাবি করেছেন, শনিবার তার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যসভার সাংসদ কপিল সিবল। নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সিবল দাবি জানান, কেবল সংখ্যা উল্লেখ না করে যোগী আদিত্যনাথ অবিলম্বে বাদ পড়া ভোটারদের নাম এবং তাঁরা কোন কোন বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, সেই পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করুন।
আরও পড়ুন:
সাংবাদিক সম্মেলনে সিবল আশঙ্কা প্রকাশ করেন, যেসব নাম আদৌ বাদ যায়নি, সেগুলিকে 'ফর্ম ৮'-এর মাধ্যমে পুনরায় অন্তর্ভুক্ত করা হতে পারে, যা নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার ঝুঁকি তৈরি করে। তিনি বলেন, "আমি যোগীজিকে জিজ্ঞাসা করতে চাই, আপনি এই সংখ্যাটি কীভাবে জানলেন?
যদি আপনি জেনেই থাকেন কোন নামগুলি বাদ গিয়েছে, তবে সেগুলি মানুষের সামনে আনুন। কোন কেন্দ্র থেকে কাদের নাম বাদ পড়েছে, তা প্রকাশ করুন।"আরও পড়ুন:
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে কপিল সিবল অভিযোগ করেন, ভোটারদের নাম অন্তর্ভুক্তি (ফর্ম ৬), নাম বাদ দেওয়া (ফর্ম ৭) এবং ঠিকানা পরিবর্তন বা তথ্য সংশোধনের (ফর্ম ৮) ক্ষেত্রে ব্যাপক অনিয়ম চলছে। মহারাষ্ট্রের পুনের ঘটনার উল্লেখ করে সিবল জানান, এনসিপি নেতা অজিত গাভানে 'ফর্ম ৭'-এর মাধ্যমে ৫৮ জন ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন।
পরবর্তীতে তদন্তে একাধিক কেন্দ্রে এমন ৫,৬০৩টি ঘটনার হদিস মিলেছে। এছাড়া পিম্পরি, থানে এবং খড়কওয়াসলা এলাকায় বুথ লেভেল অফিসারদের সরেজমিন যাচাই ছাড়াই 'ফর্ম ৮'-এর মাধ্যমে ভোটার স্থানান্তরের আবেদন মঞ্জুর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। সিবল বলেন, "ফর্ম ৬, ফর্ম ৭ এবং ফর্ম ৮—এই তিনটি ফর্মেই জালিয়াতি হয়েছে। নির্বাচন কমিশন এখন বলছে বাদ পড়া নামগুলি ফিরিয়ে আনা হবে। কিন্তু প্রথমত, সেগুলি বাদ দেওয়া হয়েছিল কেন?"