পুবের কলম, ওয়েবডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে সংসদে কেন্দ্রের আনা নতুন 'সীমানা পুনর্নির্ধারণ' বা ডিলিমিটেশন বিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। শনিবার সকালে দলের সাংসদদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর ডিএমকে সাংসদ এ রাজা এবং দয়ানিধি মারান দলের এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন।

লোকসভায় ২২ জন সাংসদ থাকা ডিএমকে অতীতে জনসংখ্যাভিত্তিক সীমানা পুনর্নির্ধারণের তীব্র বিরোধিতা করলেও, বর্তমান বিলে কিছু বিশেষ শর্ত যুক্ত হওয়ায় তারা সমর্থনের পথে হেঁটেছে। এর ফলে গত এপ্রিল মাসে বিলটি পাস করাতে না পারার পর, এবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে কেন্দ্রের শাসক শিবিরের হাত অনেকটাই শক্ত হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।

শুক্রবারই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন সমাজমাধ্যমে দলের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন, জনসংখ্যাভিত্তিক ডিলিমিটেশনের বিপদ সম্পর্কে তিনিই প্রথম সরব হয়েছিলেন এবং চেন্নাইয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করে একটি যৌথ মঞ্চ গড়ে তুলেছিলেন। স্ট্যালিন জোর দিয়ে বলেছিলেন, তামিলনাড়ুর স্বার্থই তাঁদের কাছে সর্বোচ্চ এবং ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে আন্তঃরাজ্য আসন বণ্টনের হার (৭.১৮ শতাংশ) আগামী ২৫ বছরের জন্য অপরিবর্তিত রাখতে হবে। তিনি পোস্টে লেখেন, "আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং এই বিষয়ে কোনো আপসের প্রশ্নই ওঠে না।"

এদিকে, তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে জোট ভাঙার পর ডিএমকে রাজনৈতিক সমীকরণের কারণে অবস্থান বদলেছে বলে যে অভিযোগ উঠছে, তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে দলীয় নেতৃত্ব। ডিএমকে-র দাবি, ন্যায্য ও ভারসাম্যপূর্ণ সীমানা পুনর্নির্ধারণ বরাবরই তাঁদের অন্যতম প্রধান দাবি ছিল এবং শর্ত পূরণ হওয়াতেই তাঁরা বিলটিকে সমর্থন করছেন।