পুবের কলম ওয়েবডেস্ক :
ছাত্রছাত্রীদের কাছে গণিত প্রায়শই সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি বলে মনে হয়, কিন্তু নিনা গুপ্তার জন্য এটি আজীবনের এক গভীর ভালোবাসায় পরিণত হয়েছিল। তিনি একজন গণিতবিদ, যিনি গণিতের এমন একটি সমস্যার সমাধান করেছেন যার উত্তর প্রায় সত্তর বছর ধরে মেলেনি।
মাত্র একটি গণিতের সমস্যার সমাধানেই বিশ্বজুড়ে পরিচিতি পাননি তিনি, ভেঙে দিয়েছেন বিজ্ঞান ও গণিতের জগতে নারীদের এগিয়ে যাওয়ার পথে থাকা বহু প্রচলিত ধারণাও। ভারতীয় গণিতবিদ নীনা গুপ্তা এমন এক কঠিন গাণিতিক সমস্যার সমাধান করেছেন, যা প্রায় ৭০ বছর ধরে বিশ্বের গণিতবিদদের কাছে অমীমাংসিত ছিল।পুরুষপ্রধান গবেষণার জগতে কলকাতার ঘরে বসেই বিশ্বমানের মৌলিক গবেষণা করে নীনা গুপ্তা আজ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিভাগে বিশ্বজুড়ে অসংখ্য নারী ও তরুণ গবেষকদের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা।
কলকাতায় জন্ম নীনা গুপ্তার। ১৯৮৪ সালে জন্মগ্রহণকারী এই গণিতবিদ বেথুন কলেজ থেকে ২০০৬ সালে গণিতে স্নাতক হন।
তাঁর গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম -এর একটি সংস্করণের সমাধান। ১৯৪৯ সালে বিশিষ্ট গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি উত্থাপন করেছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে গণিতবিদদের কাছে এটি ছিল এক জটিল গবেষণার বিষয়। ২০১৪ সালে নীনা গুপ্তা প্রমাণ করেন, পজিটিভ ক্যারেক্টারিস্টিকের ক্ষেত্রে এই সমস্যার প্রত্যাশিত উত্তর সব সময় ইতিবাচক নয়। তাঁর গবেষণা আধুনিক বীজগণিতীয় জ্যামিতিতে নতুন দিশা দেখায়।
এই অসামান্য গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তিনি পান ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান সম্মান শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। ২০২১ সালে লাভ করেন রামানুজন পুরস্কার। ২০২৪ সালে তাঁর ঝুলিতে আসে ইনফোসিস পুরস্কার। ২০২২ সালে তাঁকে প্রদান করা হয় নারী শক্তি পুরস্কার।
নীনা গুপ্তার সাফল্যের আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। 'আই এস আই'তে স্নাতকোত্তর পড়ার সময় তাঁর ক্লাসে তিনিই ছিলেন একমাত্র ছাত্রী। পুরুষপ্রধান গবেষণার জগতে নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন তিনি।
সম্প্রতি ২০২৬ সালের 'টাইম হান্ড্রেড নেক্সট ইন্ডিয়া' তালিকাতেও জায়গা পেয়েছেন এই বাঙালি গণিতবিদ।
তাঁর জীবন ও কর্ম আজকের তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েদের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা—গণিত, বিজ্ঞান কিংবা প্রযুক্তি কোনও নির্দিষ্ট লিঙ্গের একচেটিয়া ক্ষেত্র নয়। অধ্যবসায়, কৌতূহল ও আত্মবিশ্বাস থাকলে নারীরাও গবেষণার কঠিনতম শিখরে পৌঁছতে পারেন।
নীনা গুপ্তা শুধু একটি গাণিতিক সমস্যার সমাধান করেননি, ভারতীয় নারীদের বিজ্ঞানচর্চার সম্ভাবনাকেও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন।
তার জীবনযাত্রা এটাই প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা থাকলে সবকিছুই সম্ভব। যারা গণিত বা অন্য কোন বিষয় ভালোবাসেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাদের সকলের জন্য তিনি এক অনুপ্রেরণা। গণিতের জগতে নিনা গুপ্তা এমন একটি নাম যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।