পুবের কলম ওয়েব ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ফিলিস্তিন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। বুধবার ১৯৩ সদস্যের সাধারণ সভায় ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, পূর্ব জেরুজালেম এবং অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন-সহ বিভিন্ন বিষয়ে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
‘ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার’ শীর্ষক প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ভারত। ১৬২টি দেশের সমর্থনে প্রস্তাবটি গৃহীত হয়েছে। এর বিপক্ষে ভোট পড়েছে ৮টি এবং ৮টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। এই প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধিকার-সহ সে দেশের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে পুনরায় স্বীকৃতি দেওয়া হয়েছে।

পাশাপাশি, এই অধিকার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সমস্ত রাষ্ট্র এবং রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সংস্থা ও সংগঠনগুলিকে ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন ও সহযোগিতা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্তাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)’-এর কাজকর্ম সংক্রান্ত প্রস্তাবের পক্ষেও সমর্থন জানিয়েছে ভারত। এই প্রস্তাবে রাষ্ট্রসঙ্ঘের সংস্থাটির কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনের শরণার্থীদের কল্যাণ, সুরক্ষা এবং মানবিক উন্নয়নের জন্য জরুরি সহায়তা-সহ সমস্ত পরিষেবা বাধাহীনভাবে চালিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। ১৪৩টি দেশের সমর্থনে এই প্রস্তাবটি গৃহীত হয়। ইসরায়েল ও আমেরিকা-সহ ৯টি দেশ এর বিপক্ষে ভোট দেয় এবং ২০টি দেশ ভোটদানে বিরত থাকে।

এছাড়াও ‘ফিলিস্তিনের শরণার্থীদের সম্পত্তি এবং তা থেকে অর্জিত আয়’ সংক্রান্ত আরও একটি প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়েছে। ভারত-সহ ১৫৫টি দেশ এর পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ এবং ৯টি দেশ বিরত ছিল। এই প্রস্তাবে ন্যায়বিচার ও সমতার নীতি অনুযায়ী ফিলিস্তিনের শরণার্থীদের নিজেদের সম্পত্তি এবং তা থেকে অর্জিত আয়ের অধিকারের কথা ফের নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, চূড়ান্ত পর্যায়ের শান্তি আলোচনার কাঠামোর মধ্যে থেকে নিজেদের পূর্বের সম্মতি অনুযায়ী এই গুরুত্বপূর্ণ বিষয়টি সমাধানের জন্য ফিলিস্তিনের ও ইসরায়েল উভয় পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, ‘পূর্ব জেরুজালেম-সহ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড এবং অধিকৃত সিরিয়ার গোলান অঞ্চলে ইসরায়েলি বসতি’ সংক্রান্ত প্রস্তাবটিও সাধারণ সভায় গৃহীত হয়েছে।
ভারত-সহ ১৪৩টি দেশ এর পক্ষে ভোট দিয়েছে। ইসরায়েল ও আমেরিকা-সহ ১১টি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় এবং ১৭টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। এই প্রস্তাবে পূর্ব জেরুজালেম-সহ অধিকৃত প্যালেস্তাইন ভূখণ্ড এবং অধিকৃত সিরিয়ার গোলান অঞ্চলে ইসরায়েলি বসতিগুলিকে বেআইনি এবং শান্তি ও অর্থনৈতিক-সামাজিক উন্নয়নের পথে বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে। অবিলম্বে এবং সম্পূর্ণরূপে এই সমস্ত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনের কাজ বন্ধ করার দাবি পুনরায় জানানো হয়েছে এবং নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট সমস্ত প্রস্তাব সম্পূর্ণরূপে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এই আবহেই নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রের রাষ্ট্রদূত আবদুল্লাহ এম আবু শায়েশ। তিনি জানান, ভারতের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক অত্যন্ত ঐতিহাসিক। তাঁর কথায়, ভারতই ছিল বিশ্বের প্রথম অ-মুসলিম এবং অ-আরব দেশ, যারা ‘ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন’-কে ফিলিস্তিনের জনগণের একমাত্র ও বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দিয়েছিল।
দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট আশাবাদী রাষ্ট্রদূত জানান, অতীতে ভারতের সঙ্গে তাঁদের সম্পর্ক ভালো ছিল, বর্তমানেও সেই সুসম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে তিনি নিশ্চিত।