পুবের কলম, নয়াদিল্লি: দেশের পোল্ট্রি শিল্পকে বার্ড ফ্লুর (অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার) ভয়াবহ সংক্রমণ থেকে রক্ষা করতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। আজ মধ্যপ্রদেশের ভোপালে দেশের প্রথম সম্পূর্ণ স্বদেশি বার্ড ফ্লু ভ্যাকসিনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টিকাটি বিশেষভাবে মারাত্মক ‘এইচ৫এন১ ক্লেড ২.৩.২.১এ’ স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করার জন্য তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:
২০০৬ সালে ভারতে প্রথম বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশে ৫০০-রও বেশি বার সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে।
প্রতি বছরই বার্ড ফ্লুর কারণে লক্ষ লক্ষ মুরগি ও হাঁস নিধন করতে হয়েছে, যার ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশের পোল্ট্রি খামারিরা। সাম্প্রতিক সময়েও এই সংক্রমণের ভয়াবহতা স্পষ্ট হয়েছে। চলতি নভেম্বর মাসেই বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার জেরে তামিলনাড়ুতে ৪০ হাজার মুরগি এবং কেরালার আলাপ্পুঝায় ২৬ হাজার পাখি নিধন করতে বাধ্য হয়েছে প্রশাসন। উল্লেখ্য, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত পাখিদের মৃত্যুর হার প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছে যায়। এর ফলে কেবল খামারিরাই সর্বস্বান্ত হন না, দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়ে।