পুবের কলম ওয়েবডেস্ক, স্কুলে খেলতে গিয়ে বা অন্য কোনও দুর্ঘটনায় পড়ে ছাত্রছাত্রী আহত হলে আর চিকিৎসার জন্য অপেক্ষা করতে হবে না। এবার বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের দেওয়া হবে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ। এই কর্মসূচির নাম ‘আরোগ্য চেতনা’।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে শুরু হয়েছে এই প্রকল্প।
প্রশিক্ষণের দায়িত্ব পেয়েছে সি কে বিড়লা হাসপাতাল সিএমআরআই। রাজ্যের সমতল থেকে পাহাড়, প্রায় ৮৩ হাজার সরকারি ও সরকার পোষিত স্কুলকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সহযোগিতা করবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও।আরও পড়ুন:
প্রশিক্ষণে শেখানো হবে হাড় ভাঙা, কেটে যাওয়া বা অন্য আঘাতের প্রাথমিক পরিচর্যা। হাসপাতালের প্রতিনিধি সোমব্রত রায় জানিয়েছেন, হাড় ভাঙলে আক্রান্ত স্থান স্থির রাখতে হবে।
জোর করে হাড় সোজা করা যাবে না। ক্ষত পরিষ্কার করে উপযুক্ত ব্যান্ডেজ দিয়ে ঢাকার কৌশলও শেখানো হবে।আরও পড়ুন:
পাশাপাশি হৃদ্যন্ত্র বন্ধ হয়ে গেলে বুকে চাপ দিয়ে রক্ত সঞ্চালন চালু রাখা এবং কৃত্রিম শ্বাস দেওয়ার প্রশিক্ষণও পাবেন শিক্ষকরা। প্রতিটি স্কুলে পৌঁছে দেওয়া হবে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। প্রধান শিক্ষকরাই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তালিকা তৈরি করবেন। অনলাইনেও থাকবে প্রশিক্ষণের পাঠ্যক্রম ও ভিডিও।