পুবের কলম, নয়াদিল্লি: দেশের বিচারব্যবস্থা সাংবিধানিকভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতার নীতিকে সমুন্নত রাখলেও বাস্তবে সাংবাদিকদের সুরক্ষা দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে—মঙ্গলবার এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তাঁর কথায়, বিচারবিভাগীয় হস্তক্ষেপে বিলম্ব এবং দীর্ঘসূত্রী আইনি প্রক্রিয়া নিজেই এখন ভয় দেখানোর হাতিয়ারে পরিণত হতে পারে।

মঙ্গলবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার বার্ষিক প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি প্রশ্ন তোলেন, যখন সাংবাদিকদের প্রতিবেদনের জেরে আটক হতে হচ্ছে, খবরের উৎসের গোপনীয়তা হুমকির মুখে পড়ছে এবং ফৌজদারি মামলার সম্মুখীন হতে হচ্ছে, তখন সাংবিধানিক রক্ষাকবচগুলি আদৌ কতটা কার্যকর থাকছে?

সিব্বলের কথায়, "সংবিধান ইতিমধ্যেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু বাস্তব প্রয়োগ তা দেয়নি। আজ আমাদের সেই ব্যবধানটাই খতিয়ে দেখতে হবে।" সিব্বল যুক্তি দেন, আদালত বেশকিছু ক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে হস্তক্ষেপ করলেও, সাংবাদিকদের আইনি হয়রানি থেকে বাঁচাতে যে জরুরি তৎপরতা ও ধারাবাহিকতার প্রয়োজন ছিল, তার অভাব রয়েছে।
তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে যে গতি ও ধারাবাহিকতার প্রয়োজন, আদালত তা দেখাতে পারেনি। নীতি অটুট রয়েছে, কিন্তু তার প্রয়োগ অনিয়মিত। আর এই অনিয়মিত হওয়াটাই সাংবাদিকদের সমস্যার একটি বড় অংশ। সংক্ষেপে বললে, বিচারব্যবস্থা নীতিকে রক্ষা করেছে, কিন্তু বাস্তব প্রয়োগকে সুরক্ষিত করতে পারেনি।
"

সাংবাদিকদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং অন্যান্য কঠোর ফৌজদারি আইনের অপব্যবহারের অভিযোগ তুলে সাংসদ জানান, "প্রক্রিয়াই এখন শাস্তিতে পরিণত হয়েছে। খবর প্রকাশ করাই ঝুঁকির হয়ে দাঁড়িয়েছে। যে সাংবাদিককে চারটি আলাদা রাজ্যে দায়ের হওয়া অভিযোগের জবাব দিতে মাসের পর মাস কাটাতে হয়, তাঁর কলম আগেই থামিয়ে দেওয়া হয়—তা পরে সব অভিযোগ খারিজ হয়ে গেলেও।"

২০২৩ সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ‘মিডিয়া ওয়ান’ রায়ের প্রসঙ্গ টেনে সিব্বল বলেন, শীর্ষ আদালত নিজেই স্বীকার করেছিল যে সমালোচনামূলক সাংবাদিকতাকে ‘প্রতিষ্ঠান-বিরোধী’ হিসেবে দেগে দিলে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ প্রভাব পড়ে। বাস্তবে সরকারের সমালোচনা এবং জাতীয় নিরাপত্তার প্রতি হুমকির মধ্যে পার্থক্য ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সিব্বল স্পষ্ট বলেন, "যে সংবাদমাধ্যমের কাছ থেকে আশা করা হয় যে তারা সরকারকে সমর্থন করবে, তা কোনো সংবাদমাধ্যম নয়। তা সরকারেরই একটি দপ্তর মাত্র।"