পুবের কলম, লখনউ: নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তরপ্রদেশ সরকার এবং রাজ্য পুলিশকে তীব্র ভাষায় ভর্ৎসনা করল এলাহাবাদ হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছে, উত্তরপ্রদেশে নাগরিক স্বাধীনতার বর্তমান অবস্থা অত্যন্ত ‘শোচনীয়’ এবং ‘গভীরভাবে লজ্জাজনক’। বিজনৌর জেলার বাসিন্দা আফজাল আহমেদের বেআইনি আটক সংক্রান্ত মামলায় এই কড়া মন্তব্য করেছে হাইকোর্ট।
আরও পড়ুন:
বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অচল সচদেবের ডিভিশন বেঞ্চ অবিলম্বে আফজাল আহমেদকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের ওপর ২০,০০০ টাকা জরিমানা ধার্য করে সেই অর্থ মামলাকারীর কন্যাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পিটিশন অনুযায়ী, ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর বিজনৌর জেলার নাঙ্গল থানা এলাকায় আফজাল আহমেদের বাড়িতে সাদা পোশাকে পুলিশকর্মী এবং স্পেশাল অপারেশনস গ্রুপ-এর সদস্যরা হানা দিয়ে তাঁকে তুলে নিয়ে যান। অভিযোগ, ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আগে টানা দুই দিন তাঁকে বেআইনিভাবে পুলিশি হেফাজতে আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে পুলিশ তাঁকে একটি ‘হানি-ট্র্যাপ’ অভিযোগে জড়িয়ে জেলহাজতে পাঠায়। এই বেআইনি আটক এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে এলাহাবাদ হাইকোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেন আফজাল আহমেদের কন্যা।
আরও পড়ুন:
মামলার শুনানি চলাকালীন গত ১৩ অক্টোবর হাইকোর্ট পুলিশকে ওই আটক সংক্রান্ত সিসিটিভি ফুটেজ পেশ করার নির্দেশ দিয়েছিল।
কিন্তু পুলিশ আদালতকে জানায়, ফুটেজ পাওয়া যাচ্ছে না। এরপর ৫ নভেম্বর পরবর্তী শুনানিতে পুলিশ অজুহাত দেয় যে, ঝড়ের সময় কেবলে জল ঢুকে যাওয়ায় থানার সিসিটিভি নজরদারি ব্যবস্থা বিকল হয়ে পড়েছিল। পুলিশের এই সাফাই সরাসরি খারিজ করে দিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। বিচারপতি অতুল শ্রীধরন বলেন, "উত্তরপ্রদেশে নাগরিক স্বাধীনতার অবস্থা শোচনীয়, যা অত্যন্ত লজ্জাজনক। পুলিশের দ্বারা মৌলিক অধিকার লঙ্ঘন একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। থানা থেকে সিসিটিভি ফুটেজ পেশ করার ক্ষেত্রে এই অনীহা নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতার প্রতি পুলিশের চরম উদাসীনতাকেই প্রতিফলিত করে।"আরও পড়ুন:
আদালত সাফ জানিয়েছে যে, পুলিশ যদি সিসিটিভি ফুটেজ না থাকার দাবি করে, তবে আদালত ধরে নিতে পারে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে সত্যিই বেআইনিভাবে আটক করা হয়েছিল এবং প্রমাণ লোপাটের জন্যই ফুটেজ সরানো হয়েছে।