উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : সোমবার সন্ধ্যায় জয়নগরের আমন্ত্রণ কমপ্লেক্সের মাঠে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার জয়নগর তিন নম্বর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এই অনুষ্ঠানে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, জেলার সাধারণ সম্পাদক অলোক হালদার, জেলা সম্পাদিকা সুপ্রীতি কুণ্ডু, জয়নগর বিধানসভার কো-অর্ডিনেটর দুলাল সরদার, জয়নগর তিন নম্বর মণ্ডল সভাপতি শংকর চক্রবর্তী এবং যুব সভাপতি শুভঙ্কর চট্টোপাধ্যায়-সহ একাধিক মণ্ডল সভাপতি, সম্পাদক, ইনচার্জ, কনভেনর, যুব মোর্চার নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

অনুষ্ঠানে বক্তারা বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। বিশেষ করে আসন্ন জয়নগর-মজিলপুর পুরসভা নির্বাচনকে সামনে রেখে কীভাবে বুথস্তরে সংগঠনকে মজবুত করা যায় এবং পুরসভার ক্ষমতা দখলের লক্ষ্যে দলীয় কর্মীদের আরও সক্রিয় করা যায়, তা নিয়ে আলোচনা হয়। সব মিলিয়ে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই আগামী পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক প্রস্তুতির বার্তা দিল বিজেপি নেতৃত্ব।