পুবের কলম ওয়েব ডেস্ক: শান্তিনিকেতনে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখ পুলিশের এনকাউন্টারে খতম হল। রবিবার দুপুরে তাকে গ্রেপ্তারের খবর সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এই এনকাউন্টারের ঘটনা ঘটে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর গত ছ’মাসে এটি পঞ্চম এনকাউন্টারের ঘটনা। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে, বঙ্গে ধর্ষক ও খুনিদের কোনও জায়গা নেই।
জানা গিয়েছে, রবিবার দুপুরে গ্রেপ্তারের পর রতন শেখকে নিয়ে যাওয়ার সময় নানুরের চারকোল গ্রামের একটি ইটভাঁটার কাছে পুলিশের সঙ্গে তার গুলির লড়াই বা এনকাউন্টার হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতনের লাইক বাজারে রতন শেখকে ধরতে যায় প্রান্তিক আউটপোস্টের তিন পুলিশকর্মীর একটি দল। সাদা পোশাকে বাইকে চেপে সেখানে পৌঁছনোর পর পুলিশকে দেখে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় রতন। গুলি তাঁর পায়ে লাগে এবং গুরুতর জখম অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে হাসপাতালেই আহত পুলিশকর্মীকে দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পুলিশকর্মীর একবিন্দু রক্তও বৃথা যাবে না। এর ২৪ ঘণ্টা পেরনোর আগেই পুলিশের জালে ধরা পড়ে রতন এবং শেষমেশ পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়।