পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেসের মধ্যে দরকষাকষি শুরু হয়েছে। শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এসপি প্রধান অখিলেশ যাদব জানান, ২০২৭ সালের বিধানসভা ভোটে রাজ্যের মোট ৪০৩টি আসনের মধ্যে ১৮১টিতে লড়তে চেয়েছে কংগ্রেস। এই দাবি তিনি মেনে নিয়েছেন কি না, তা স্পষ্টভাবে না জানালেও অখিলেশ জোর দিয়ে বলেছেন, ‘ইন্ডিয়া’ জোট একসঙ্গে লড়াই করে বিজেপিকে হারাবে। তাঁর মতে, আগামী নির্বাচনে রামমন্দিরের প্রণামী দুর্নীতি রাজ্যে অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে।
মায়াবতীর বিএসপি-র সঙ্গে জোটের জল্পনাও এদিন উড়িয়ে দিয়েছেন তিনি।গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস-এসপি জোট উত্তরপ্রদেশের ৮০টির মধ্যে ৪৩টি আসন জিতে বিজেপিকে বেশ চাপে ফেলে দিয়েছিল। সেই সাফল্যই ধরে রাখতে বদ্ধপরিকর অখিলেশ। তবে আসন রফা নিয়ে শরিকি টানাপোড়েনও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এসপি সাংসদ ইকরা হাসান কংগ্রেসকে ৪০টির বেশি আসন ছাড়তে নারাজ ছিলেন। পালটা জবাব দিয়েছিলেন কংগ্রেস নেতা ইমরান মাসুদ। এর মাঝেই গুঞ্জন ছড়ায়, কংগ্রেস ১৭০টি আসনের একটি তালিকা তৈরি করে তা এ, বি, সি ও ডি স্তরে ভাগ করে এসপি-কে দিয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা ভোটে জোট করে কংগ্রেস ১০৫টি আসনে লড়ে মাত্র ৭টিতে জিতেছিল। পরে ২০২২ সালে কংগ্রেস একাকী লড়ে মাত্র ২টি এবং এসপি ৩৪৭টি আসনে লড়ে ১১১টি আসন পেয়েছিল।
‘ইন্ডিয়া’ জোটের এই সমীকরণের মাঝেই উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন তৃতীয় ফ্রন্ট তৈরি হয়েছে। আসাদুদ্দিন ওয়েইসির মিম এবং চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) হাত মিলিয়ে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ গঠন করেছে। তাঁরা রাজ্যের সবকটি আসনেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং ক্ষমতায় এলে চন্দ্রশেখর মুখ্যমন্ত্রী হবেন বলে জানিয়েছেন। জোটের জন্য এসপি ও কংগ্রেসকে ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন ওয়েইসি, কিন্তু সাড়া না মেলায় তাঁরা বিকল্প হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। রাজনৈতিক মহলের মতে, এই নতুন জোট দলিত ও সংখ্যালঘু ভোটে ভাগ বসালে পরোক্ষভাবে বিজেপিরই সুবিধা হতে পারে, যা অখিলেশ যাদবের ভোটব্যাঙ্কের অঙ্কে বড় ধাক্কা দিতে পারে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই স্পষ্ট হবে, এই ত্রিমুখী লড়াইয়ে রাজনৈতিক ফায়দা কার হয়।