পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণ ঘটানোর ঘটনায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রাজস্থান অ্যান্টি-টেরর স্কোয়াড (ATS), শ্রীগঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের এক যৌথ অভিযানে পাঞ্জাব থেকে এক তরুণী-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহকদীপ কৌর (২১) এবং দেবেন্দ্র সিং (২২)। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর দুই হ্যান্ডলারের প্রেমের ফাঁদে (হানিট্র্যাপ) পা দিয়ে এবং টাকার লোভে এই নাশকতামূলক কাজ ঘটিয়েছিলেন ধৃত তরুণী।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ২১ বছর বয়সী মহকদীপ কৌর পাকিস্তানে বসে থাকা দুই হ্যান্ডলারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন। এদের মধ্যে একজন ‘চাচা’ এবং অন্যজন ‘শাহ’ নামে পরিচিত।
আরও পড়ুন:
তদন্তকারীরা জানিয়েছেন, ওই দুই পাকিস্তানি হ্যান্ডলার মহকদীপের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং নিয়মিত টাকা পাঠিয়ে তাঁকে নিজেদের জালে ফাঁসিয়েছিল। পুলিশের মতে, সীমান্তবর্তী এলাকার তরুণীদের এভাবে প্রেমের ফাঁদে ফেলে নাশকতামূলক কাজে ব্যবহার করা বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর একটি পরিচিত কৌশলে পরিণত হয়েছে।
এর আগেও গঙ্গানগরের বাসিন্দা ববিতা নামে এক মহিলাকে একই কায়দায় ফাঁদে ফেলেছিল আইএসআই।আরও পড়ুন:
জানা গেছে, মহকদীপ তাঁর স্বামীর থেকে আলাদা থাকতেন। তাঁর স্বামী বর্তমানে মাদক পাচারের অভিযোগে জেলবন্দি রয়েছেন। রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য মহকদীপ মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন বলে জেরায় স্বীকার করেছেন। ধৃতের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড কার্তুজ এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মূল অভিযুক্তদের আশ্রয় দেওয়া, মোটরসাইকেল সরবরাহ করা এবং ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার অভিযোগে আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।