পুবের কলম ওয়েব ডেক্স: গত দু’দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি নামায় রাজ্যজুড়ে বেশ ভালোই শীতের আমেজ শুরু হয়েছিল। তবে এই শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে।
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আগামী বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ ঘনালেও উত্তরবঙ্গে এই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না। রবিবার ও সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না, তবে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।