পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের হলদোয়ানিতে এক ১৬ বছর বয়সী নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর এক ছাত্রনেতা-সহ চার যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত চারজনই শহরের কুখ্যাত ‘আইটিআই গ্যাং’-এর সদস্য। অভিযোগ দায়ের হওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই দ্রুত তৎপরতা দেখিয়ে অভিযুক্তদের জালে তুলেছে নৈনিতাল জেলা পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, নৃশংস এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হলদোয়ানির মুখানি এলাকার একটি হোটেলে। বৃহস্পতিবার গভীর রাতে নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে নৈনিতাল জেলার মুখানি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে অনুযায়ী, চার যুবক তাঁদের ১৬ বছরের মেয়েকে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে স্থানীয় একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে।আরও পড়ুন:
নৈনিতালের সিনিয়র পুলিশ সুপার মঞ্জুনাথ টি সি-র নির্দেশে স্টেশন হাউস অফিসার সুশীল যোশীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শুক্রবার বিকেলে চার অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত চারজন হলো— ধীরজ বিস্ত, নীতিন পাল, অংশ খত্রী এবং হিমাংশু গনি। এদের মধ্যে ধীরজ বিস্ত চলতি বছরে এমবিপিজি কলেজের ছাত্র সংসদের সভাপতি পদে এবিভিপি-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ধৃত প্রত্যেকেই হলদোয়ানির কুখ্যাত ‘আইটিআই গ্যাং’-এর সক্রিয় সদস্য বলে পুলিশের খাতায় নথিভুক্ত রয়েছে।