পুবের কলম ওয়েব ডেক্স: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জোর জল্পনার মাঝেই চলতি নভেম্বরের শেষ দশ দিনের মধ্যে বসতে পারে সংসদের বিশেষ অধিবেশন। মনে করা হচ্ছে, লোকসভার বহুল চর্চিত আসন পুনর্বিন্যাস বিলটি পাস করাতেই এই অধিবেশন ডাকা হতে পারে। এই গুরুত্বপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি সাংসদকে ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে কলকাতা বা দিল্লিতেই থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার রাজ্যের বিজেপি সাংসদদের কাছে মুখ্যমন্ত্রীর নাম করে একটি বিশেষ মেসেজ পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সংসদের আসন্ন বিশেষ অধিবেশন এবং গুরুত্বপূর্ণ বিল আসার সম্ভাবনার কথা বিবেচনা করে সাংসদরা যেন ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে কলকাতা অথবা দিল্লির বাইরে অন্য কোথাও সফর না করেন।
মহিলা সংরক্ষণ আইনের সঙ্গে যুক্ত এই আসন পুনর্বিন্যাস বিলটি পাস করাতে হলে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। লোকসভায় এই সংখ্যাটি ৩৬০। গত এপ্রিল মাসে বিজেপি বিলটি পাস করাতে পারেনি। বর্তমানে সরকারিভাবে এনডিএ-র হাতে ৩১৭ জন সাংসদের সমর্থন রয়েছে। তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, এই মুহূর্তে দুই কক্ষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা সম্ভব। এই বিল পাস হলে লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৩ থেকে একলাফে বেড়ে ৮৫০ হবে এবং সব রাজ্যে আসন সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।
প্রয়োজনীয় সংখ্যাতত্ত্ব মেলাতে বিরোধী শিবিরের দিকেও নজর রাখছে বিজেপি। রাজধানী দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা, তামিলনাড়ুর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিয়ে ডিএমকে-র সমর্থন আদায় করতে পারে শাসকদল। অন্যদিকে, এই বিলের ফলে উত্তরপ্রদেশে সর্বাধিক আসন বাড়বে, যাতে আগামী লোকসভা ভোটে রাজনৈতিক সুবিধা হতে পারে সমাজবাদী পার্টির। সেই সমীকরণ থেকে অখিলেশ যাদবের দলের সমর্থনও প্রত্যাশা করছে গেরুয়া শিবির। ডিএমকে এবং সমাজবাদী পার্টির সমর্থন পেলে এই সংশোধনী বিলটি পাস করাতে বিজেপির আর কোনও সমস্যা থাকবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।