পুবের কলম ওয়েব ডেস্ক: সিকিমের ভারত-চিন সীমান্তে এক রহস্যময় বিমানের গতিবিধি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, গত ১২ নভেম্বর চিনের দিক থেকে একটি বিমান সিকিম সীমান্তের আকাশে ঢুকে পড়ে। দাবি করা হচ্ছে, ভারতের আকাশসীমায় প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর কাটে বিমানটি। ভারতীয় বায়ুসেনার তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও সেটি সঙ্গে সঙ্গে সরে যায়নি। বিমানটি কাদের বা কী উদ্দেশ্যে সেটি ভারতের আকাশে ঢুকেছিল, তা এখনও স্পষ্ট নয়।
বায়ুসেনার তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও সেনা সূত্র ঘটনার কথা নিশ্চিত করেছে।সেনা সূত্রে খবর, ১২ নভেম্বর সকাল ৮টা নাগাদ ২৫ হাজার ফুট উঁচুতে ওই সন্দেহজনক বিমানটিকে চক্কর কাটতে দেখা যায়। বায়ুসেনার রেডারে সেটি ধরা পড়ার পরই অবিলম্বে ভারতের আকাশসীমা ছেড়ে যাওয়ার জন্য একাধিকবার রেডিও বার্তা পাঠানো হয়। কিন্তু তার পরেও বিমানটি বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করে। স্থানীয়দের একাংশের অনুমান, এটি চিনের কোনও সামরিক বা নজরদারি বিমান হতে পারে। যে এলাকায় বিমানটি দেখা গিয়েছে, সেখান থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের উপর নজরদারি চালানো সহজ। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের মূল যোগসূত্র এই করিডর। তাই এই অনুপ্রবেশ ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার কাছে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপট হিসেবে উঠে আসছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক সিকিম সফর। গত ৮ নভেম্বর সেনাপ্রধান-সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে সিকিমে দীপাবলি পালন করেছিলেন তিনি। তার আগের দিন শিলিগুড়িতে বায়ুসেনা প্রধানের সঙ্গেও তাঁর বৈঠক হয়। এর ঠিক তিনদিনের মাথায় এই অনুপ্রবেশের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও প্রাক্তন বায়ুসেনা কর্তাদের একাংশ টানা ২০-২৫ মিনিট ধরে চক্কর কাটার দাবিটি পুরোপুরি মেনে নিতে নারাজ। তাঁদের মতে, এত দীর্ঘ সময় ভারতের আকাশে কোনও ভিনদেশি বিমান থাকলে হাসিমারা-সহ অন্যান্য বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতীয় যুদ্ধবিমান উড়ে গিয়ে আকাশেই সেটিকে ঘিরে ফেলত। তবে অল্প সময়ের জন্যও যদি এই ধরনের অনুপ্রবেশ ঘটে থাকে, তবে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট চিন্তার বিষয় বলে স্বীকার করে নিয়েছেন তাঁরা।