পুবের কলম, ওয়েবডেস্ক: জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ গ্রহণের আন্তর্জাতিক মানদণ্ডে ভারতের অবস্থানের আরও অবনতি ঘটল। কপ-৩১ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার প্রকাশিত ‘ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইনডেক্স’ ২০২৭-এর রিপোর্টে ৬৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ভারত ২৮তম স্থানে নেমে এসেছে। গত বছরের তুলনায় ৫ ধাপ এবং ২০২৪ সালের (১০ম স্থান) নিরিখে গত দুই বছরে মোট ১৮ ধাপ পিছিয়ে গেল নয়াদিল্লি। জার্মানওয়াচ এবং নিউক্লাইমেট ইনস্টিটিউট-এর মতো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলির যৌথ উদ্যোগে ও বিশ্বের প্রায় ৫০০ জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে এই বার্ষিক রিপোর্টটি তৈরি করা হয়েছে।
৬০.৮৫ নেট স্কোর নিয়ে ভারত সামগ্রিকভাবে মাঝারি স্তরের দেশগুলির তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে।সিপিসিআই ২০২৭-এর রিপোর্টে ভারতের নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের সাম্প্রতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করা হয়েছে। তবে একইসঙ্গে নীতি ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে ভারতকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে সতর্ক করা হয়েছে। রিপোর্টের উল্লেখযোগ্য পর্যবেক্ষণগুলি হলো, নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের গতির সঙ্গে তাল মিলিয়ে পাওয়ার গ্রিড সম্প্রসারণ এবং শক্তি সংরক্ষণের পরিকাঠামো গড়ে ওঠেনি।
এনার্জি থিঙ্ক ট্যাঙ্ক ‘এম্বার’-এর তথ্য উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, গ্রিডের নিরাপত্তা বজায় রাখতে ২০২৫ সালের মে মাসের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতকে ২.৩ টেরাওয়াট-আওয়ার সৌরবিদ্যুৎ উৎপাদন বন্ধ বা সীমিত রাখতে হয়েছিল। ভারতের বিদ্যুৎ সরবরাহে এখনও দেশীয় কয়লা প্রধান ভূমিকা পালন করছে। পাশাপাশি অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানি দেশের জ্বালানি নিরাপত্তায় বাড়তি ঝুঁকি তৈরি করছে। ২০৭০ সালের মধ্যে 'নেট-জিরো' লক্ষ্যমাত্রা একটি দিকনির্দেশনা দিলেও, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ রূপরেখা এতে স্পষ্ট নয়।