পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের বাজারে কোটি কোটি টাকার দেনা এবং একাধিক দুর্নীতি মামলার আইনি ফাঁস এড়াতে এবার পাকাপাকিভাবে ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করলেন আইপিএলের অন্যতম প্রতিষ্ঠাতা ললিত মোদি। ভারত সরকার দীর্ঘদিন ধরে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করলেও, এই পদক্ষেপের ফলে তিনি ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন বলেই মনে করা হচ্ছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই ব্রিটেনের পাসপোর্ট পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তিনি।
জানা গিয়েছে, গত ২০২৫ সালের মার্চ মাসে লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে নিজের ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার আবেদন জানিয়েছিলেন ললিত মোদি।
উল্লেখ্য, ললিত মোদির বিরুদ্ধে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা আর্থিক তছরুপের তদন্ত করছে। ২০০৯ সালে আইপিএল যখন দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়, তখন ভারতীয় বোর্ড এবং ললিতের বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ ওঠে। ইডি-র অভিযোগ ছিল, রিজার্ভ ব্যাঙ্কের কোনওরকম অনুমতি ছাড়াই আইপিএল আয়োজনের জন্য বিদেশি সংস্থাগুলিকে অন্তত ২৪৩ কোটি টাকা পাঠানো হয়েছিল। এই আইনি জটিলতা ও গ্রেপ্তারির আশঙ্কা থেকেই ২০১০ সালে দেশ ছেড়ে পালান তিনি। প্রথমদিকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে কিছুদিন আত্মগোপন করে থাকলেও, পরে তিনি ব্রিটেনে চলে যান। ভারত সরকার তাঁকে প্রত্যর্পণের জন্য বারবার চেষ্টা করলেও, নতুন করে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় তাঁকে দেশে ফেরানোর রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল।