পুবের কলম, ওয়েবডেস্ক: লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও সমাজসেবী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য ‘গৃহবন্দি’ করে রাখল কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসন। পাশাপাশি, আগামী দুই মাস তাঁকে যেকোনো ধরনের জনসভা, মিছিল বা জমায়েতে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ-এর নির্বাচনের বিরোধিতা করে স্থানীয় সংগঠনগুলির বিক্ষোভ চলাকালীন ওয়াংচুককে ধরনাস্থল থেকে সরিয়ে দেওয়ার ঠিক একদিন পরই লেহ-র অতিরিক্ত জেলাশাসক এই নির্দেশিকা জারি করেন।
আরও পড়ুন:
পুলিশের একটি রিপোর্ট এবং লেহ-র পুলিশ প্রধানের তরফে আসা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধের ভিত্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-র ১৬৩ ধারা প্রয়োগ করে ওয়াংচুকের গতিবিধির ওপর এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
প্রশাসনিক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে।আরও পড়ুন:
প্রশাসনের তরফে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার নির্দেশিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্ট করে সোনম ওয়াংচুক অভিযোগ করেন যে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে এবং তাঁর বাড়ির চারপাশে কয়েক ডজন পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে ওয়াংচুক লেখেন, "আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। কয়েক ডজন সশস্ত্র রক্ষী আমার বাড়ি ঘিরে রেখেছে, অথচ সরকারি ভাষ্যে বলা হচ্ছে 'আমাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে'। আর এসব কেবল কিছু অস্বস্তিকর প্রশ্ন করার জন্য—যেমন, গত বছর লেহ-তে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনার বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে এত দেরি কেন হচ্ছে এবং কেন তীব্র শীতের মাঝে রকেটের গতিতে মানুষের ওপর একটি প্রহসনের কাউন্সিল নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে?"