পুবের কলম ওয়েবডেস্ক, মদের দোকানে ঢুকে একের পর এক বোতল ভাঙচুর। বিভিন্ন ধরনের মদে চুমুক দেওয়ার পর শেষ পর্যন্ত বাথরুমে গিয়ে অচেতন হয়ে পড়ে এক রেকুন। আমেরিকার ভার্জিনিয়ার এই ‘মাতাল’ প্রাণীটির কাণ্ডই এখন পশুদের আশ্রয়কেন্দ্রের জন্য বিপুল অর্থের উৎস হয়ে উঠেছে। তার নামে পণ্য বিক্রি করে ইতিমধ্যে ২ লক্ষ ৯০ হাজার ডলারেরও বেশি (প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা) সংগ্রহ হয়েছে।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটে ভার্জিনিয়ার অ্যাশল্যান্ডের একটি সরকারি মদের দোকানে।
দোকান বন্ধ থাকার সুযোগে ছাদের একটি অংশ ভেঙে ভিতরে ঢুকে পড়ে রেকুনটি। এরপর রাম, হুইস্কি, ভদকা-সহ বিভিন্ন মদের ১৪টি বোতল ভেঙে ফেলে সে। পরদিন সকালে দোকানের কর্মী তাকে বাথরুমে শৌচাগারের পাশে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পশু উদ্ধারকর্মীরা তাকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যান। কয়েক ঘণ্টা বিশ্রামের পর সুস্থ হয়ে উঠলে তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।আরও পড়ুন:
এই ঘটনার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই জনপ্রিয় হয়ে ওঠে রেকুনটি। তার নাম দেওয়া হয় ‘ট্র্যাশড পান্ডা’। সেই নামেই টি-শার্ট, টুপি, মগ ও স্টিকার বিক্রি শুরু হয়। ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত এই উদ্যোগ থেকে ২ লক্ষ ৯০ হাজার ডলারের বেশি আয় হয়েছে। সেই অর্থে পশু উদ্ধারকর্মীদের জন্য দেহে লাগানো ক্যামেরা ও আশ্রয়কেন্দ্রের উন্নতির ব্যবস্থা করা হচ্ছে।