পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় এবার স্থান পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জর্ডনের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর সাম্প্রতিক তালিকায় তাঁকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারেক রহমান সম্পর্কে আরআইএসএসসি-র বর্ণনায় তাঁকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবনে থেকেও তিনি বিএনপির নেতৃত্ব দেওয়া এবং সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করেছেন।
তারেক রহমান ছাড়াও বাংলাদেশ থেকে আরও দু'জন মহিলা এই তালিকায় জায়গা করে নিয়েছেন। সামাজিক বিষয় বা ‘সোশ্যাল ইস্যুজ’ বিভাগে স্থান পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা। ড. হামিদা হোসেন ‘আইন ও সালিশ কেন্দ্র’-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং নারী অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিতভাবেই এই তালিকায় স্থান পান। অন্যদিকে, আইনজীবী রাজিয়া সুলতানা রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক মঞ্চে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর কাজের জন্য বিশ্বব্যাপী পরিচিত।
উল্লেখ্য, গত বছর এই তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের নাম থাকলেও, এবার তিনি বাদ পড়েছেন। এই তালিকার নিয়ম অনুযায়ী, প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয় এবং বাকি ৪৫০ জনকে রাজনীতি, সমাজসেবা, বিজ্ঞান-সহ ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। তারেক রহমান-সহ এই তিনজনই বিশেষ বিভাগে স্থান পেয়েছেন।